যশোরে ভাষার জন্য ভালোবাসা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যশোর জিলা স্কুল প্রাঙ্গণে গতকাল এইচএসবিসি ব্যাংক-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসবে প্রশ্ন করে এক শিক্ষার্থী l ছবি: প্রথম আলো
যশোর জিলা স্কুল প্রাঙ্গণে গতকাল এইচএসবিসি ব্যাংক-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসবে প্রশ্ন করে এক শিক্ষার্থী l ছবি: প্রথম আলো

যশোর এমএসটিপি স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্রী ফাহমিদ হাসনা উর্বির জিজ্ঞাসা, ‘নবম-দশম শ্রেণির বাংলা সাহিত্য বইয়ের মলাটে ছাপানো দুটি পাখির পালকের সঙ্গে বাংলা ভাষার কী সম্পর্ক? যে বাংলা ভাষার জন্য আমরা রক্ত দিয়েছি, সেই ভাষা আদালতে ব্যবহার করা হয় না কেন?’ আরেক শিক্ষার্থীর জানতে চাওয়া, ‘কবি-সাহিত্যিকেরা ছদ্মনাম ব্যবহার করেন কেন?’
এ ধরনের বিভিন্ন মজার প্রশ্ন ও জানতে চাওয়ার মধ্য দিয়ে গতকাল বুধবার যশোরে অনুষ্ঠিত হলো এইচএসবিসি ব্যাংক-প্রথম আলো ভাষা প্রতিযোগের আঞ্চলিক উৎসব। সকাল সোয়া নয়টার দিকে জিলা স্কুল প্রাঙ্গণে জেলা প্রশাসক মো. হুমায়ুন কবির বেলুন ও ফেস্টুন উড়িয়ে এই উৎসবের উদ্বোধন করেন। এর আগে যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে। এ সময় জাতীয় পতাকা ও ভাষা প্রতিযোগের পতাকা ওড়ানো হয়।
গতকাল সকাল হতে না হতেই বিভিন্ন জেলার শিক্ষার্থীরা আসতে থাকে উৎসবস্থলে। কারও সঙ্গে বাবা, কারও মা। আছেন প্রিয় শিক্ষকেরাও। বসন্তের সকালে যশোর জিলা স্কুল প্রাঙ্গণে ১৩ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের আট শতাধিক শিক্ষার্থী অংশ নেয় আঞ্চলিক এই আসরে। অংশগ্রহণকারী জেলাগুলো হলো খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, নড়াইল, ঝিনাইদহ, মাগুরা, কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, রাজবাড়ী, ফরিদপুর, গোপালগঞ্জ ও যশোর।
সাতক্ষীরার মোস্তফা খায়রুল আবরার তাঁর দশম শ্রেণি পড়ুয়া ছেলেকে নিয়ে সকাল সাড়ে আটটার মধ্যে পৌঁছে যান উৎসব মাঠে। তিনি বলেন, ‘আমার ছেলে এইবার দিয়ে সাতবারের ভাষা প্রতিযোগের উৎসবে অংশ নিচ্ছে। ছয়বার জাতীয় পর্যায়ে উত্তীর্ণ হয়েছে। এই একটিমাত্র উৎসবে যোগ দিয়ে সে সবচেয়ে বেশি আনন্দ পায়। আমিও শিক্ষক। বাংলা ভাষার প্রতি আগ্রহটা একটু বেশিই। ছেলের সঙ্গে আয়োজনে এসে আমিও ভীষণ আনন্দ পাই।’
উদ্বোধনের পর শিক্ষার্থীরা ৪০ মিনিটের লিখিত পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে শুরু হয় প্রশ্নোত্তর পর্ব। এ পর্বে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ-বৈকল্য (কমিউনিকেশন ডিজঅর্ডার) বিভাগের চেয়ারম্যান হাকিম আরিফ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক রাহেল রাজিব, এইচএসবিসি-প্রথম আলো ভাষা প্রতিযোগের সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক তারিক মনজুর, প্রভাষক সাইফিন রুবাইয়াত, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক গাজী মো. মাহবুব মুর্শিদ, যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের সহযোগী অধ্যাপক আকতার হোসেন, যশোর সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক মোফাজ্জেল হোসেন ও মুন্সিগঞ্জের শ্রীনগর কলেজের বাংলা বিভাগের প্রধান কুদরত-ই-হুদা। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রথম আলোর সহকারী সম্পাদক অরুণ বসু।
একদিকে মঞ্চে শিক্ষার্থীদের প্রশ্নোত্তর চলে। অন্যদিকে চলে পরীক্ষার উত্তরপত্রের মূল্যায়ন। প্রশ্নোত্তর পর্বের একপর্যায়ে অভিভাবকদের মধ্য থেকে অনুভূতি প্রকাশ করতে গিয়ে যশোরের মনিরামপুর উপজেলার পলাশী কলেজিয়েট স্কুলের শিক্ষক আম্বিয়া রহমান বলেন, এ ধরনের উৎসব ছেলেমেয়েদের মানসিক ও মানবিক বিকাশে ভূমিকা রাখে। আরেকজন অভিভাবক মোয়াজ্জেম হোসেন চৌধুরী বলেন, ‘আজকের এ আয়োজন থেকে আমি একটা আশার আলো দেখছি। সেটি হচ্ছে, এ উৎসবে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি।’
এ সময় আরও বক্তব্য দেন প্রথম আলো বন্ধুসভার যশোর জেলা সভাপতি লাকি কাপুড়িয়া ও যশোর জিলা স্কুলের সহকারী প্রধান শিক্ষক শোইয়াব হোসেন।
এরপর ‘বানান বীর’ পর্বে পরীক্ষার মাধ্যমে ১০ জন শিক্ষার্থীকে মঞ্চে ডাকা হয়। কয়েকটি পর্বে বাংলা বানান নিয়ে কুইজের মাধ্যমে সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র সিরাজুল ইসলামকে জয়ী ঘোষণা করা হয়।
আয়োজনে কয়েকজন শিক্ষার্থী সংগীত পরিবেশন করে। ক্লোজআপ ওয়ান তারকা রাফাত গান গেয়ে শিক্ষার্থীদের মাতিয়ে রাখেন।
এরপর প্রকাশ করা হয় লিখিত পরীক্ষার ফলাফল। জাতীয় উৎসবে অংশ নেওয়ার জন্য চারটি বিভাগের ৬০ জনের নাম ঘোষণা করা হয়। অতিথিরা তাদের গলায় মেডেল পরিয়ে দেন। হাতে তুলে দেন সনদ।
উৎসবের মাঠে প্রথমা প্রকাশনের বইয়ের দোকান ছিল। ৩০ শতাংশ ছাড়ে শিক্ষার্থী ও অভিভাবকেরা বই কেনার সুযোগ পান।