যশোরে মাদক ব্যবসায়ীর ১০ বছরের সাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে আবদুল মান্নান নামের এক মাদক ব্যবসায়ীকে ১০ বছর সশ্রম কারাদণ্ডাদেশ ও অর্থদণ্ড দেওয়া হয়েছে। যশোরের অতিরিক্ত দায়রা জজ চতুর্থ আদালতের বিচারক শরীফ হোসেন হায়দার গতকাল রোববার দুপুরে এ রায় দেন। একই দিন সাতক্ষীরার কলারোয়া উপজেলায় পাঁচ মাদকসেবীকে ছয় মাস থেকে এক বছরের কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
যশোরের আদালতসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৪ সালের ১৩ জানুয়ারি বিকেলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল সদর উপজেলার নারাঙ্গালী গ্রামের আবদুল মান্নানের বাড়িতে অভিযান চালিয়ে ৪৫ বোতল ফেনসিডিল জব্দ করে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক লিয়াকত আলী বাদী হয়ে আবদুল মান্নানকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন। ওই মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক এস এম জাফরুল আলম আবদুল মান্নানের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন।
মান্নানের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় বিচারক তাঁকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ ও পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।
কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আবু সালেহ মাসুদ করিম জানান, গতকাল সকালে উপজেলার পৌর সদরসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চন্দনপুর গ্রামের মোমিনউদ্দীন সানা (৫০), চান্দুড়িয়া গ্রামের আবদুল খালেক সরদার (৪৫), কলারোয়া পৌর সদরের জাহানারা খাতুন (৫০), আবদুল আলিম (৪৫) ও তাঁর স্ত্রী নাজমা খাতুনকে (৪০) গাঁজাসহ আটক করা হয়।
পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী হাকিম উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুপ কুমার তালুকদার মোমিনউদ্দীন ও আবদুল খালেককে এক বছর করে এবং আলিম, নাজমা ও জাহানারাকে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।