যশোরে মুক্তেশ্বরী নদীর স্থাপনা আংশিক উচ্ছেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর শহরের পুলেরহাট এলাকায় মুক্তেশ্বরী নদীর অংশ দখল করে নির্মিত ২২ ফুট চওড়া কংক্রিটের রাস্তার কিছু অংশ উচ্ছেদ করা হয়েছে। গতকাল বুধবার তড়িঘড়ি অভিযান চালিয়ে এটি উচ্ছেদ করা হয়। এদিকে গোটা স্থাপনা উচ্ছেদ না করায় স্থানীয় লোকজনের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ভবদহ পানিনিষ্কাশন সংগ্রাম কমিটির প্রধান উপদেষ্টা ও ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য ইকবাল কবির জাহিদ বলেন, আদালতকে বিভ্রান্ত করার জন্য যশোরের জেলা প্রশাসন এ নাটক সাজিয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, সম্প্রতি মুক্তেশ্বরী নদীর জায়গা দখল করে নির্মাণ করা স্থাপনা উচ্ছেদে ‘প্রশাসনের নিষ্ক্রিয়তা ও ব্যর্থতার কারণ’ ও ‘কেন জবরদখল করে নদীর জায়গায় বালু ভরাট কার্যক্রম বন্ধ করা হবে না’ জানতে চেয়ে ঢাকার হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ নামে একটি সংগঠনের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করা হয়। রিটে স্থানীয় সরকার মন্ত্রাণালয় এবং বন ও পরিবেশ মন্ত্রণালয়ের সচিব, যশোরের জেলা প্রশাসক, দখলদার আদ্-দ্বীন ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালকসহ সংশ্লিষ্ট ১১ ব্যক্তিকে বিবাদী করা হয়। চার সপ্তাহের মধ্যে এর জবাব দেওয়ার জন্য আদালত সরকারপক্ষকে নির্দেশ দেন। গত ২৫ নভেম্বর জবাব দেওয়ার নির্ধারিত দিন শেষ হয়েছে। অথচ যশোরের জেলা প্রশাসক গত ২ ডিসেম্বর আদালতের নির্দেশের নথি হাতে পেয়েছেন। ওই নির্দেশের কপি হাতে পাওয়ার পর বুধবার তড়িঘড়ি করে এ উচ্ছেদ অভিযান চালানো হয়।
যশোরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ সোহেল হোসাইন বলেন, চলতি বছরের জুন মাসে সাত দিনের মধ্যে স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য দখলদারকে চূড়ান্ত নোটিশ দেওয়া হয়েছিল। অনেক আগেই সে সময় শেষ হয়েছে। কিন্তু তাঁরা স্থাপনা সরিয়ে নেননি। এখন অভিযান চালানোর সময়ে দেখা গেছে, নদীর পাশে গড়ে তোলা দেয়ালটি কংক্রিট দিয়ে নির্মাণ করা। এটি উচ্ছেদ করতে তাই বড় অঙ্কের টাকা ও পর্যাপ্ত জনবল প্রয়োজন। টাকা চেয়ে ইতিমধ্যে সরকারকে চিঠি দেওয়া হয়েছে।
‘দখলে অবরুদ্ধ মুক্তেশ্বরী নদী’ শিরোনামে গত ২৭ আগস্ট প্রথম আলোয় একটি সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়। যশোর-বেনাপোল আঞ্চলিক মহাসড়কের পুলেরহাট এলাকার সেতুর দক্ষিণ-পূর্ব কোণ ঘেঁষে নদীর অংশে রড, বালু ও সিমেন্টের দেয়াল তোলা হয়েছে। ওই দেয়ালের দৈর্ঘ্য অন্তত ৩০০ মিটার। রাস্তাটির প্রস্থ নদীর ভেতর ও পাড় মিলিয়ে প্রায় ২২ ফুট। এটি নির্মাণ করা হচ্ছিল আদ্-দ্বীন ওয়েলফেয়ার ট্রাস্টের অধীন পরিচালিত সখিনা মেডিকেল কলেজ ভবনে যাতায়াতের জন্য। ট্রাস্টের পরিচালক চিকিৎসক মহিউদ্দীনকে ইতিমধ্যে নির্মাণাধীন অবকাঠামো অপসারণের জন্য তিন দফা নোটিশ দিয়েছে ভূমি অফিস। মহিউদ্দীন যশোর-১ (শার্শা) আসনের সরকারদলীয় সাংসদ শেখ আফিল উদ্দীনের বড় ভাই।