যশোরে শিশু হত্যা সৎমায়ের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের ঝিকরগাছা উপজেলায় সাত বছরের শিশু রাব্বিকে হত্যার দায়ে তার সৎমাকে মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। গতকাল বুধবার দুপুরে জেলা স্পেশাল জজ আদালতের বিচারক নিতাই চন্দ্র সাহা এ রায় ঘোষণা করেন।
রাব্বির সৎমায়ের নাম বিলকিস বেগম। তিনি ঝিকরগাছা উপজেলার বালিয়া গ্রামের আয়তুল্লা খোমেনির দ্বিতীয় স্ত্রী। তিনি বর্তমানে পলাতক।
আদালত সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ১৪ অক্টোবর বালিয়া গ্রামে বিলকিস কীটনাশকমিশ্রিত ভাত খাইয়ে রাব্বিকে হত্যা করেন। এ ঘটনায় রাব্বির চাচা মোমিনুর রহমান বাদী হয়ে ঝিকরগাছা থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় পুলিশ বিলকিসকে গ্রেপ্তার করে। ২০১০ সালের ৮ সেপ্টেম্বর বিলকিস জামিনে কারাগার থেকে মুক্ত হন। মামলার তদন্তকারী কর্মকর্তা ২০১০ সালের ৯ এপ্রিল বিলকিসকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ২০১১ সালের ৪ জুলাই আদালতে মামলার চার্জ গঠনের পর থেকে বিলকিস পলাতক রয়েছেন।
বিশেষ আদালতের পিপি এস এম বদরুজ্জামান পলাশ জানান, রাব্বির যখন তিন বছর বয়স, তখন তার মা রোকসানা তাঁর স্বামী আয়তুল্লা খোমেনিকে ছেড়ে চলে যান। এরপর খোমেনি বিলকিসকে বিয়ে করেন। বিয়ের পর থেকে বিলকিস শিশু রাব্বির ওপর নির্যাতন চালাতেন। এ কারণে রাব্বিকে তার দাদির কাছে রাখা হয়। ঘটনার দিন বিলকিস রাব্বিকে ভাত খাওয়ানোর কথা বলে তাঁর ঘরে নিয়ে যান। জোর করে ভাত খাওয়ানোর পর সে অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নেওয়ার পর রাব্বি মারা যায়।