যশোরে সেনা মোতায়েনের দাবি বিএনপি প্রার্থীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থানীয় প্রশাসন নিরপেক্ষ নয়—এমন অভিযোগ তুলে যশোর পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী মারুফুল ইসলাম। আজ রোববার দুপুরে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে মারুফুল ইসলাম অভিযোগ করেন, ‘স্থানীয় প্রশাসন নিরপেক্ষ নয়। তারা আওয়ামী লীগের নেতাদের কথা চলে। যে কারণে নির্বাচনে সেনাবাহিনী দাবি করছি।’ তাঁর অভিযোগ, নির্বাচনী প্রচারণায় তাঁর কর্মীদের বাধা দেওয়া হচ্ছে। ভোটের প্রচারণার সময় তাঁর স্ত্রীকে লাঞ্ছিত করে পোস্টার ছিঁড়ে ফেলা হয়েছে। এসব বিষয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে বলে তিনি জানান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন যশোর জেলা বিএনপির সহসভাপতি রফিকুর রহমান, গোলাম মোস্তফা ও মোহাম্মদ ইসহাক, সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক প্রমুখ।

এদিকে সন্ধ্যায় মারুফুল ইসলাম প্রথম আলোর কাছে অভিযোগ করেন, ওই সংবাদ সম্মেলন করে ফেরার পথে তিনি জানতে পারেন যে আওয়ামী লীগের অনুসারীরা শহরের রায়পাড়া এলাকায় তাঁর নির্বাচনী কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তার কাছে অভিযোগ করা হলে বিকেলে পুলিশ গিয়ে কার্যালয়টির তালা খুলে দিয়েছে।