যশোরে সেনা মোতায়েনের দাবি বিএনপির প্রার্থীর
যশোর পৌরসভা নির্বাচনে ভোট কারচুপির আশঙ্কা করে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানিয়েছেন বিএনপির মেয়র প্রার্থী শহর বিএনপির সভাপতি মারুফুল ইসলাম। গতকাল রোববার সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
এদিকে গতকাল দুপুরে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা মারুফুল ইসলামের নির্বাচনী কার্যালয়ে তালা লাগিয়ে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। বিএনপির স্থানীয় কয়েকজন নেতা-কর্মী সূত্রে জানা গেছে, যশোর প্রেসক্লাব মিলনায়তনে গতকাল দুপুরে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় মারুফুল ইসলাম বলেন, ‘স্থানীয় প্রশাসন নিরপেক্ষ নয়। তারা আওয়ামী লীগের নেতাদের কথামতো চলে। যে কারণে নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের দাবি জানাচ্ছি।’ তিনি বলেন, নির্বাচনী প্রচারণায় তাঁর কর্মীদের বাধা দেওয়া হচ্ছে।
এদিকে মারুফুল ইসলাম গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, দুপুরে আওয়ামী লীগের প্রার্থীর সমর্থকেরা রায়পাড়া এলাকায় তাঁর নির্বাচনী কার্যালয়ে তালা লাগিয়ে দেন। পরে তিনি রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি জানান। বিকেলে পুলিশ গিয়ে কার্যালয়ের তালা খুলে দেয়।
আওয়ামী লীগের মেয়র প্রার্থী জহিরুল ইসলাম চাকলাদার জানান, বিএনপির প্রার্থীর কার্যালয়ে তালা দেওয়ার বিষয়টি তিনি এখন সাংবাদিকদের মাধ্যমে জানতে পারছেন। এর আগে এ ধরনের কোনো ঘটনার কথা তিনি শোনেননি। মূলত বিএনপির প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর জন্য এ ধরনের অভিযোগ করছেন।