যশোরে স্কুলের বনভোজনের বাস খাদে, আহত ১৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর-নড়াইল সড়কে যশোর সদর উপজেলার বাউলিয়ায় একটি স্কুলের বনভোজনের বাস খাদে পড়ে অন্তত ১৩ জন আহত হয়েছেন।
বনভোজনের উদ্দেশে ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার পার্বতীপুর কলকাকলি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে বাসটি নড়াইলের লোহাগড়া উপজেলায় অবস্থিত ‘নিরিবিলি’ পিকনিক স্পটে যাচ্ছিল। গতকাল শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
আহত ব্যক্তিদের মধ্যে দুজন শিক্ষক, দুজন অভিভাবক এবং নয় শিক্ষার্থীকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে প্রধান শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আহত শিক্ষিকা মাহমুদা আক্তার বলেন, বনভোজনের জন্য গতকাল সকালে বিদ্যালয় থেকে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকসহ ৬০ জনকে নিয়ে বাসটি লোহাগড়ার উদ্দেশে রওনা দেয়।
বেলা পৌনে ১১টার দিকে বাসটি যশোর-নড়াইল সড়কের যশোর সদর উপজেলার বাউলিয়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে পাশের খাদে গিয়ে পড়ে।
যশোর মেডিকেল কলেজ হাসপাতালের সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক এন কে আলম বলেন, আহত ব্যক্তিদের মধ্যে প্রধান শিক্ষকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা আশঙ্কামুক্ত।