যশোরে হত্যা মামলায় দুজনের মৃত্যুদণ্ড
যশোরে আবদুর রাজ্জাক নামের এক ব্যক্তিকে হত্যার দায়ে তাঁর স্ত্রী ও ভগ্নিপতিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক শরীফ হোসেন হায়দার এ রায় দেন। একই সঙ্গে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের কাছ থেকে ৫০ হাজার টাকা করে জরিমানা আদায়েরও আদেশ দেওয়া হয়েছে।
দণ্ডপ্রাপ্তরা হলেন, হত্যাকাণ্ডের শিকার আবদুর রাজ্জাকের স্ত্রী শাবানা খাতুন ও ভগ্নিপতি আবদুল আলিম। দুজনের বাড়ি আজমতপুর গ্রামে।
আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১০ মার্চ বাড়ির পাশ থেকে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় রাজ্জাকের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহত রাজ্জাকের ভাই মিন্টু বাদী হয়ে চৌগাছা থানায় হত্যা মামলা করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন বর্তমানে কারাগারে রয়েছেন।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবু সেলিম রানা সাংবাদিকদের বলেন, পারিবারিক কলহের জেরে রাজ্জাককে হত্যা করার ঘটনা প্রমাণিত হওয়ায় আদালত আজ আসামি দুজনকে মৃত্যুদণ্ড দেন।