যশোরের অভয়নগরে গত মঙ্গলবার রাতে ‘বন্দুকযুদ্ধে’ সিরাজুল ইসলাম আকুঞ্জি (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা ছিলেন এবং দলের দুই পক্ষের মধ্যে বিরোধের জের ধরে ওই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে পুলিশ দাবি করেছে।
একই রাতে সাতক্ষীরা সদরে পুলিশের গুলিতে আহত হয়েছেন দুজন। চুরি করে পালাতে গিয়ে তাঁরা গুলিবিদ্ধ হন বলে দাবি করেছে পুলিশ।
অভয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্যা খবীর আহমেদের ভাষ্যমতে, এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও বিপ্লবী কমিউনিস্ট পার্টির আঞ্চলিক নেতা সিরাজুলের সঙ্গে একই দলের জিয়াউর রহমানের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এলাকার আধিপত্য নিতে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী রানাগাতী গ্রাম থেকে জিয়াউর রহমানের নেতৃত্বে ২০-২৫ জন সন্ত্রাসী সশস্ত্র অবস্থায় সিরাজুলের গ্রাম শুভরাড়ায় এসে অবস্থান নেয়। এ সময় দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে। এতে গুলিবিদ্ধ হয়ে সিরাজুল ঘটনাস্থলেই নিহত হন। ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি গুলি ও কয়েকটি গুলির খোসাও উদ্ধার করা হয়েছে।
অভয়নগর থানার পুলিশের দাবি, নিহত সিরাজুলের বিরুদ্ধে বিভিন্ন থানায় তিনটি হত্যাসহ বিভিন্ন অভিযোগে ১২টি মামলা রয়েছে। অবশ্য এ ব্যাপারে তাঁর পরিবারের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। তিনি উপজেলার শুভরাড়া গ্রামের আফসার আকুঞ্জির ছেলে।
সাতক্ষীরায় গুলিবিদ্ধ দুজন হলেন মো. ইউছুপ আলী মুন্সি (২৬) ও সাইফুল ইসলাম মোড়ল (২৮)। ইউছুপ যশোরের অভয়নগর উপজেলার বেঙ্গলগেট এলাকার ইয়াকুব মুন্সির ছেলে। আর সাইফুল একই উপজেলার ভাঙ্গাগেট এলাকার হাফিজুর রহমানের ছেলে।
সাতক্ষীরা সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছিরউদ্দিনের ভাষ্য অনুযায়ী, মঙ্গলবার রাতে শ্যামনগর উপজেলা থেকে মুঠোফোন কোম্পানি বাংলালিংকের একটি টাওয়ারের চারটি ব্যাটারি চুরি করে নিয়ে যাচ্ছিলেন ইউছুপ ও সাইফুল। খবর পেয়ে পুলিশ সদর উপজেলার ব্যাঙদাহ এলাকায় অবস্থান নেয়। রাত সাড়ে ১০টার দিকে একটি পিকআপ ভ্যান যেতে দেখে পুলিশ গাড়িটি থামাতে বলে। কিন্তু গাড়িটি না থামিয়ে ভেতর থেকে পুলিশকে লক্ষ্য ইট ছুড়ে মারা হয়। পরে পুলিশ গাড়িটির পিছু নিয়ে দুটি গুলি ছোড়ে। এতে ইউছুপের ডান ঊরু ও সাইফুলের বাঁ হাঁটুর নিচে গুলি বিদ্ধ হয়। পরে তাঁদের উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। টাওয়ারের চারটি ব্যাটারিসহ পিকআপ ভ্যানটিও আটক করা হয়েছে।
এ ব্যাপারে আহত দুই ব্যক্তির সঙ্গে কথা বলা সম্ভব হয়নি।
সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. নাছিরউদ্দিন জানান, গুলিবিদ্ধ দুজনকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।