যশোরেও জনতার হাতে লাঠি দিল পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর টাউন হল মাঠে জঙ্গি ও সন্ত্রাসবিরোধী মহাসমাবেশ করে জনগণের হাতে বাঁশের লাঠি তুলে দিয়েছে পুলিশ। আজ সোমবার দুপুরে খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) এম মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্তত ৫০০ জনের হাতে বাঁশের লাঠি তুলে দেন।

ডিআইজি মনিরুজ্জামান বলেন, ‘জনগণের হাতে বাঁশের লাঠি তুলে দেওয়া নিয়ে কিছু জ্ঞানপাপী অপপ্রচার করছে। জঙ্গি ও সন্ত্রাসবাদ প্রতিরোধে বাঁশের লাঠি ও বাঁশি দিয়ে পাড়া–মহল্লায় প্রতিরোধ গড়ে তুলতে হবে। এ লাঠি দিয়েই আমরা ব্রিটিশ ও পাকিস্তানকে তাড়িয়েছি। এবার জঙ্গি ও সন্ত্রাস তাড়াব।’ ডিআইজি দেশের ১৬ কোটি মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
যশোরের পুলিশ সুপার আনিসুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার, যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব-৬) পরিচালক খন্দকার রফিকুল ইসলাম, সম্মিলিত সাংস্কৃতিক জোটের জেলা সভাপতি ডি এম শাহিদুজ্জামানসহ বাগেরহাট ও নড়াইল জেলার দুই পুলিশ সুপার।