যশোরের দুই পুলিশ কর্মকর্তাকে হাইকোর্টে তলব, রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে এক যুবককে থানায় নিয়ে নির্যাতনের অভিযোগের বিষয়ে ব্যাখ্যা জানাতে যশোর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) নাজমুল ও এএসআই হাদিবুর রহমানকে তলব করেছেন হাইকোর্ট। ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় তাঁদের হাজির হতে বলা হয়েছে। একই সঙ্গে ওই ঘটনা তদন্ত করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দাখিল করতে যশোরের পুলিশ সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে।

‘টাকার জন্য পুলিশের কেমন নির্যাতন!’ শিরোনামে ৬ জানুয়ারি প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়। এটি নজরে এলে গতকাল রোববার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেন।

রুলে ওই ঘটনায় দোষী ব্যক্তিদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। স্বরাষ্ট্রসচিব, পুলিশের মহাপরিদর্শক, খুলনা রেঞ্জের ডিআইজি, যশোরের পুলিশ সুপার, যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।