মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে যশোরের কেশবপুরের ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।
রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি শেষে বিচারপতি এম পঞ্চায়েতের রহিমের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল মঙ্গলবার এ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও বিচারপতি আনোয়ারুল হক।
যে ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে তাঁরা হলেন: ইব্রাহিম হোসেন, বিল্লাল হোসেন, শেখ মজিবুর রহমান, আবদুল আজিজ সরদার, আজিম সরদার, কাজী ওহায়দুল ইসলাম, লুৎফর মোড়ল, আবদুল খালেক মোড়ল, আকরাম হোসেন, ওজাহের মোড়ল এবং মশিয়ার রহমান।
এ প্রসঙ্গে তদন্ত কর্মকর্তা আবদুর রাজ্জাক খান প্রথম আলোকে বলেন, যশোরের সাবেক সাংসদ ও জাতীয় পার্টির নেতা সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার তদন্ত করতে গিয়ে একই অপরাধের সঙ্গে আরও ১১ জনের সম্পৃক্ততা পাওয়া গেছে। তদন্ত শেষ করার জন্য ওই ১১ জনকে জিজ্ঞাসাবাদ করা দরকার। এ জন্য তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাওয়া হয়েছে।
গতকাল ট্রাইব্যুনালে গ্রেপ্তারি পরোয়ানা চেয়ে করা আবেদনের শুনানি করেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি সুলতান মাহমুদ ও রেজিয়া সুলতানা।
ট্রাইব্যুনাল-১ গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে গত বছরের ২৯ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর উত্তরখান থেকে সাখাওয়াত হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। চলতি বছরের ২২ জানুয়ারি তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত সংস্থা। যশোরের কেশবপুর উপজেলার হিজলডাঙ্গা গ্রামের সাখাওয়াতের বিরুদ্ধে অভিযোগ, একাত্তরে তিনি পাকিস্তানি সেনাদের সহযোগী কেশবপুর থানা রাজাকার বাহিনীর কমান্ডারের দায়িত্বে ছিলেন। ওই সময় তিনি উপজেলার চিংড়া, বগা, ভাণ্ডারখোলা ও গৌরীঘোনা এলাকায় নানা ধরনের মানবতাবিরোধী অপরাধ করেন।
তদন্ত সংস্থা জানায়, সাখাওয়াত ১৯৯১ সালে জামায়াতে ইসলামীর হয়ে নির্বাচনে অংশ নিয়ে যশোর-৬ (কেশবপুর) আসনের সাংসদ নির্বাচিত হন। পরে তিনি বিএনপিতে যোগ দেন। ২০০১ সালে বিএনপি থেকে মনোনয়ন না পেয়ে সাখাওয়াত স্বতন্ত্র নির্বাচন করে পরাজিত হন। এরপর বিএনপি তাঁকে দল থেকে বহিষ্কার করলে তিনি অলি আহমেদের এলডিপি ও ফেরদৌস আহম্মেদ কোরেশীর পিডিপিতে যোগ দিয়েছিলেন। সর্বশেষ ছিলেন এরশাদের জাতীয় পার্টিতে প্রেসিডিয়াম সদস্য হিসেবে। তবে কয়েক দিন আগে জাতীয় পার্টিও তাঁকে প্রেসিডিয়াম সদস্য থেকে বাদ দিয়েছে।
২০১০ সালে যশোরে সাখাওয়াতের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে চারটি মামলা করা হয়। ২০১২ সালে এসব মামলা ট্রাইব্যুনালে পাঠানো হলে সেগুলো তদন্ত সংস্থায় নথিভুক্ত হয়। ২০১৩ সালের শেষ দিকে এসব অভিযোগের ওপর তদন্ত শুরু হয়।