যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যশোর-খুলনা মহাসড়ক যোগাযোগ মন্ত্রণালয়ের গলার কাঁটা। এ কাঁটা ছাড়ানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে।
গতকাল বুধবার বেলা সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শনে গিয়ে যোগাযোগমন্ত্রী এ কথা বলেন। তিনি জানান, দায়িত্বে অবহেলার অভিযোগে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের খুলনা অঞ্চলের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।
সেই সঙ্গে মহাসড়কটি চলাচলের উপযোগী করতে সওজের যশোর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলীর পাশাপাশি সাতক্ষীরা ও কুষ্টিয়া জেলার নির্বাহী প্রকৌশলীকে তিন দিনের জন্য অতিরিক্ত দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
যোগাযোগমন্ত্রী বলেন, যশোর থেকে খুলনা পর্যন্ত ৬৬ কিলোমিটারের মধ্যে তিন কিলোমিটারের অবস্থা খুব খারাপ। এর মধ্যে দেড় কিলোমিটার সংস্কার করা হয়েছে। বাকি দেড় কিলোমিটারের অবস্থা খুবই নাজুক। এ কারণে মানুষের দুর্ভোগ বেড়েছে। এ দুর্ভোগ কমানোর জন্য দুজন তরুণ নির্বাহী প্রকৌশলীকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তাঁরা উন্নতমানের বালু ফেলে সড়কটি চলাচলের উপযোগী করবেন।