যশোর অঞ্চলের নয়টি সড়ক সংস্কারের দাবিতে যোগাযোগমন্ত্রীকে চিঠি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর অঞ্চলের নয়টি সড়ক সংস্কার ও পুনর্নির্মাণের দাবিতে গতকাল বুধবার যোগাযোগমন্ত্রীর কাছে চিঠি পাঠানো হয়েছে। শিগগিরই সড়কগুলো সংস্কার করা না হলে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়ার কথাও চিঠিতে জানিয়ে দেওয়া হয়েছে।যশোর জেলা সড়ক পরিবহন সমিতির সাধারণ সম্পাদক আলী আকবর স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, যশোর জেলা সড়ক পরিবহন সমিতির মাধ্যমে দেশের ১৮টি পথে যানবাহন চলাচল করছে। সম্প্রতি অতিবর্ষণে দেশের সব রাস্তার ব্যাপক ক্ষতি হয়েছে। বিশেষ করে, সমিতির অধীনে থাকা যশোর-বেনাপোল, যশোর-নড়াইল, খুলনা-বরিশাল, খুলনা-ঢাকা, যশোর-ঝিনাইদহ-কুষ্টিয়া, যশোর-চৌগাছা, যশোর-সাতক্ষীরা, যশোর-মাগুরা ও যশোর-চুয়াডাঙ্গা-মেহেরপুর পথ যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এ কারণে যানবাহনের যন্ত্রাংশ ভেঙে যাচ্ছে। অত্যন্ত ঝুঁকি নিয়ে এসব সড়কে যানবাহন চালাতে হচ্ছে। জরুরিভিত্তিতে সড়কগুলো সংস্কার করা না হলে সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।