যশোরের মনিরামপুর ডিগ্রি কলেজে গত মঙ্গলবার ছাত্রলীগের অনুষ্ঠানের পাশে বোমা হামলা চালিয়েছে ছাত্রদল নামধারী কিছু যুবক। এ ঘটনার পর ছাত্রলীগের কর্মী ও সমর্থকেরা মনিরামপুর উপজেলা পরিষদে গিয়ে জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক বিএনপির নেতা আবদুল গফুরকে কুপিয়ে গুরুতর জখম করেন। পরে বিক্ষুব্ধ ছাত্রলীগের কর্মী-সমর্থকেরা মনিরামপুর পৌরসভা কার্যালয়ে গিয়ে মেয়র ও বিএনপির নেতার মাইক্রোবাসসহ তিনটি গাড়িতে ভাঙচুরও করেন। এসব ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা হয়েছে। পুলিশ দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দুপুরে মনিরামপুর ডিগ্রি কলেজে ছাত্রলীগের কমিটি গঠন উপলক্ষে একটি অনুষ্ঠান চলছিল। এ সময় ছাত্রদলের কর্মী পরিচয়ধারী কয়েক যুবক ওই অনুষ্ঠানের পাশে হঠাৎ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনার পর ছাত্রলীগের কর্মী ও সমর্থকেরা সংগঠিত হয়ে মনিরামপুর উপজেলা পরিষদে একটি অনুষ্ঠানস্থলে গিয়ে যশোর জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ও মশ্মিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপির নেতা আবদুল গফুরকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেন। গুরুতর আহত গফুরকে প্রথমে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পাঠানো হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়। পরে সন্ধ্যার দিকে ছাত্রলীগের কর্মীরা মনিরামপুর পৌরসভায় গিয়ে পৌর মেয়র শহীদ ইকবাল হোসেনের ব্যবহূত মাইক্রোবাস ও পৌর ভবনে থাকা দুটি মোটরসাইকেল ভাঙচুর করেন।মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আজম প্রথম আলোকে জানান, এসব ঘটনায় মনিরামপুর পৌরসভার মেয়র ইকবাল বাদী হয়ে ২৫ জনের নাম উল্লেখ করে একটি এবং মনিরামপুর কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহজাহান সিরাজ ২২ জনের নাম উল্লেখ করে আরেকটি মামলা করেছেন। গত মঙ্গলবার দিবাগত রাতে মামলা দুটি দায়ের করা হয়। একটি মামলার এজাহারভুক্ত আসামি আবদুল ওহাব ও রফিকুলকে গতকাল বুধবার গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে আবদুল গফুরের ওপর হামলার প্রতিবাদে যশোর জেলা আইনজীবী সমিতির সদস্যরা গতকাল বুধবার যশোরে আদালত বর্জন করে মিছিল করেছেন। পরে আইনজীবী সমিতির ১ নম্বর ভবনে এক জরুরি সভায় মিলিত হন তাঁরা।