যশোর উপজেলা চেয়ারম্যানের ৬ বছরের জেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার একটি দুর্নীতির মামলায় যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান সাবিরা সুলতানাকে ছয় বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৭-এর বিচারক শহিদুল ইসলাম এই রায় দেন।

রায় ঘোষণার সময় সাবিরা আদালতে হাজির ছিলেন না। আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে মামলা পরিচালনাকারী আইনজীবী মীর আহমেদ আলী সালাম প্রথম আলোকে বলেন, আসামি সাবিরার ১ কোটি ৭৮ হাজার ১৩৫ টাকার সম্পদ বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত। সাবিরার বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগ আনা হয়।

দুদক কৌঁসুলি সালাম জানান, রাজধানীতে সাবিরা একটি ফ্ল্যাটের ও শপিং মলে দোকানের মালিক। এসব সম্পত্তির সঠিক দাম সম্পদবিবরণীতে দেখাননি তিনি। সম্পদ থাকার তথ্য তিনি গোপন করেছেন।

আদালত সূত্র বলছেন, সম্পদের হিসাব জমা দেওয়ার জন্য সাবিরাকে ২০০৯ সালে নোটিশ দেয় দুদক। দুদকের ডাকে সাড়া দিয়ে সাবিরা তাঁর সম্পদের হিসাব জমা দেন। মামলার অভিযোগ থেকে জানা যায়, সাবিরার জমা দেওয়া সম্পদের হিসাব পর্যালোচনা করে দুদক দেখতে পায়, ৫৫ লাখ ৭৮ হাজার ১৩৫ টাকা সম্পদের হিসাব ভুয়া। চূড়ান্তভাবে দুদক দেখে, ৪৫ লাখ টাকার সম্পদের তথ্য দিয়েছেন সাবিরা। অথচ তিনি ১ কোটি ৭৮ হাজার ১৩৫ টাকার সমপরিমাণ সম্পদের মালিক।

২০১০ সালে দুদক সাবিরার বিরুদ্ধে ঢাকার ধানমন্ডি থানায় মামলা করে। পরের বছর তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়। সাক্ষ্যগ্রহণ শেষে আজ আদালত এই রায় ঘোষণা করলেন।

দুদকের আদালত পরিদর্শক আশিকুর রহমান প্রথম আলোকে বলেন, উপজেলার পরিষদের চেয়ারম্যান সাবিরা সুলতানা সব সময় আদালতে হাজির থাকতেন। যুক্তিতর্ক শুনানির সময় তিনি আদালতে হাজির ছিলেন, অথচ আজ রায় ঘোষণার দিন আদালতে হাজির হননি।