যশোর এমএম কলেজে পাঁচ শিক্ষক এক ঘণ্টা অবরুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষকদের বসার কক্ষে ছাত্রদলের নেতা-কর্মীরা তালা ঝুলিয়ে পাঁচ শিক্ষককে এক ঘণ্টা আটকে রাখেন। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়। দুপুর সাড়ে ১২টার দিকে কলেজের অধ্যক্ষ এস এম ইবাদুল হক এবং ছাত্রদল ও যুবদলের জ্যেষ্ঠ নেতাদের হস্তক্ষেপে তালা খুলে দেওয়া হয়। হিসাববিজ্ঞান বিভাগের ছাত্র ও শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিভাগের দ্বিতীয় বর্ষে পরীক্ষার অংশ হিসেবে ‘ট্রাম পেপার’ জমা দিতে হয়। বিভাগের প্রভাষক আনোয়ার হোসেন ট্রাম পেপারের বিষয় নির্ধারণ করে তা জমা দেওয়ার জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেন। ইতিমধ্যে পেপার জমা দেওয়ার সময় পেরিয়ে গেছে। মঙ্গলবার ওই বর্ষের আদম আলী নামের এক শিক্ষার্থী শিক্ষকদের বসার কক্ষে গিয়ে আনোয়ার হোসেনের কাছে ট্রাম পেপারের বিষয়বস্তু জানতে চান। সময় শেষ হয়ে গেছে বলে আনোয়ার হোসেন ওই শিক্ষার্থীকে অধ্যক্ষের কাছে যাওয়ার পরামর্শ দেন। বিষয়টি নিয়ে দুজনের মধ্যে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে আদম আলী বেরিয়ে গিয়ে ছাত্রদলের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে শিক্ষকদের কক্ষে তালা ঝুলিয়ে দেন। এ ব্যাপারে আনোয়ার হোসেন বলেন, ট্রাম পেপার জমা দেওয়ার নির্দিষ্ট সময় অতিবাহিত হওয়ার অনেক পরে ওই ছেলেটি বিষয়বস্তু জানতে আসে। এত দিন কোথায় ছিলে, জানতে চাইলে সে রুক্ষ আচরণ করতে থাকে। তখন তাকে বেরিয়ে যেতে বলা হয়। এরপর সে দলবল এনে কক্ষে তালা ঝুলিয়ে তাঁকেসহ পাঁচজন শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। অভিযোগ অস্বীকার করে আদম আলী প্রথম আলোকে বলেন, ট্রাম পেপারের বিষয়বস্তু জানতে গেলে আনোয়ার হোসেন বকাবকি করে বেরিয়ে যেতে বলেন। পাশে বসে অন্য শিক্ষকেরাও তাকে অপমান করেন। যার জন্য রাগের বশবর্তী হয়ে কক্ষে তালা লাগাতে বাধ্য হন।