যশোর এমএম কলেজের হীরকজয়ন্তী উৎসব স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের প্রাচীন বিদ্যাপীঠ সরকারি মাইকেল মধুসূদন (এমএম) কলেজের হীরকজয়ন্তী উৎসব স্থগিত করা হয়েছে। আজ বুধবার কলেজের একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

২৩ মার্চ কলেজের ৭৫ বছর পূর্তি উপলক্ষে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করার কথা ছিল শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের। অনুষ্ঠান স্থগিত হলেও প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিবন্ধন কার্যক্রম চলবে।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মিজানুর রহমান বলেন, ‘কলেজের প্রাক্তন ছাত্রদের নিবন্ধন আশানুরূপ হয়নি। যে কারণে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্তে অনুষ্ঠানের তারিখ স্থগিত করা হয়েছে। ঐতিহ্যবাহী এ কলেজের ৭৫ বছর পূর্তির মতো একটি বড় অনুষ্ঠান করার জন্য আমাদের আরও প্রস্তুতির দরকার।’ অনুষ্ঠানের ভালো স্মরণিকা ও স্মারক উপহার করার জন্য সময় কম হয়ে যাচ্ছে। অনুষ্ঠানের তারিখ স্থগিত হলেও নিবন্ধন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
১৯৪১ সালে প্রতিষ্ঠিত কলেজটি ২০১৬ সালে ঐতিহ্যের ৭৫ বছর পূর্ণ করেছে। প্রাক্তন ছাত্রদের জন্য এক হাজার ও বর্তমান শিক্ষার্থীদের জন্য ২০০ টাকা করে নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে।
কলেজ সূত্রে জানা গেছে, ১৯টি বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর, ডিগ্রি (পাস কোর্স), উচ্চমাধ্যমিক ও অনিয়মিত মিলিয়ে মোট ৩১ হাজার ছাত্রছাত্রী এ কলেজে লেখাপড়া করছেন।