যশোর ও কুষ্টিয়ায় বিদ্যুৎ বিপর্যয়
জাতীয় গ্রিডে সমস্যা দেখা দেওয়ায় গতকাল মঙ্গলবার যশোরে বিদ্যুৎ সরবরাহে ব্যাঘাত ঘটে। এতে যশোর বিসিক শিল্পনগরী, চাঁচড়া এলাকার মাছের রেণুপোনার হ্যাচারিসহ বিভিন্ন কারখানায় উৎপাদন ব্যাহত হয়েছে। এ ছাড়া কুষ্টিয়ায় বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন হওয়ায় ভোগান্তিতে পড়েন গ্রাহকেরা।
যশোর জেলার বিভিন্ন স্থানে গতকাল বেলা সোয়া ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটে। এর মধ্যে বেলা সাড়ে ১১টা থেকে দেড়টা পর্যন্ত জেলার কোথাও বিদ্যুৎ ছিল না। এ কারণে বিসিক শিল্পনগরীর ঢালাই লোহাশিল্প, ফিশ প্রসেসিং প্ল্যান্ট, বিস্কুট তৈরির বেকারি, ওষুধশিল্পের কারখানা, জুট মিল, করাতকলে উৎপাদন বন্ধ হয়ে যায়। বিসিক শিল্প মালিক সমিতির সাধারণ সম্পাদক শেখ মো. মোস্তক আলী বলেন, ‘নোটিশ ছাড়াই বড় সময় ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় বিসিক শিল্পনগরীর কলকারখানার উৎপাদন ব্যাহত হয়েছে।’
পাওয়ার গ্রিড কোম্পানি, যশোরের সহকারী প্রকৌশলী আবদুর রশিদ বলেন, ‘দুই দফায় বিদ্যুতের জাতীয় গ্রিডে বিপর্যয় হয়েছিল। সন্ধ্যা ৬টা ২ মিনিটে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়।’
বেলা ১১টা থেকে টানা দেড় ঘণ্টা বিদ্যুৎবিহীন ছিল গোটা কুষ্টিয়া জেলা। অফিস-আদালত, ব্যবসা-বাণিজ্যসহ বাসাবাড়িতে বিদ্যুতের সংযোগ বন্ধ হয়ে যায়। হাসপাতাল ও ক্লিনিকগুলোয় চরম ভোগান্তিতে পড়ে রোগীরা। নাম প্রকাশে অনিচ্ছুক কুষ্টিয়া বটতৈল গ্রিডের এক কর্মকর্তা বলেন, গতকাল ওজোপাডিকোর আওতায় কুষ্টিয়ায় ২৮ মেগাওয়াট বিদ্যুতের চাহিদার বিপরীতে পাওয়া গেছে ২০ মেগাওয়াট। এ জন্য কয়েক ঘণ্টা পরপর লোডশেডিং হয়েছে।