যশোরের কেশবপুর ও কুষ্টিয়ার দৌলতপুরে গতকাল বুধবার প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে ৪৯৫ জন দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়।প্রথম আলোর আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধির পাঠানো খবর:কেশবপুর (যশোর): কেশবপুর এতিমখানার শিশুরাসহ উপজেলার হাবাসপোল, মধ্যকুল, মূলগ্রাম বায়সা, ভোগতী নরেন্দ্রপুর গ্রামের ৩৭৫ জনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়। কেশবপুর পাইলট বালিকা বিদ্যালয় মাঠে প্রথম আলো ট্রাস্টের পক্ষে শীতার্ত মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন মূলগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দ্বীন ইসলাম। উপস্থিত ছিলেন প্রথম আলোর কেশবপুর প্রতিনিধি দিলীপ মোদক। ঢাকার ইপিলিয়ন গ্রুপের সহায়তায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়। সহযোগিতা করেন বন্ধুসভার সদস্য শিমুল, মনি, রাজীব, রাফিজা রেবেকা ও কবির।শীতবস্ত্র পেয়ে এতিমখানার শিশু জাহাঙ্গীর আলম বলে, ‘এ বছর আমি প্রথম শীতের কাপড় পেলাম।’ হাবাসপোল গ্রামের ভ্যানচালক সোনাই মোড়ল বলেন, ‘পুরো শীতে একটি গেঞ্জি গায়ে দিয়ে কাটালাম। এ কাপড় পেয়ে শীতিরতে বাঁচপানে।’মূলগ্রামের জারিনা বেগম তাঁর ছোট্ট ছেলে আবু সাঈদের জন্য একটি সোয়েটার পেয়ে বলেন, ‘বাচ্চাটার স্কুলে যাওয়ার একটা পোশাক পেলাম। এখন শীতের সকালে ও আর কষ্ট পাবে না।’কুষ্টিয়া: ‘মাঘের শীতি কম্বলটা পায়ি খুব ভালো হইল। জীবনের পতম কেউ গিরামে আইসি কম্বল দিল।’ প্রথম আলো ট্রাস্টের দেওয়া কম্বল হাতে নিয়ে এভাবেই অভিব্যক্তি প্রকাশ করেন কুষ্টিয়ার মিরপুর উপজেলার কচুবাড়িয়া গ্রামের রিজিয়া বেগম।দৌলতপুর উপজেলার লক্ষ্মীপুর গ্রামে সোলাইমান হোসেনের বাড়ির সামনে খোলা মাঠে ১২০ জন দরিদ্র মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কুষ্টিয়া বন্ধুসভার সভাপতি মনিরুজ্জামান, সদস্য ইমাম মেহেদী, সেঁজুতি ভৌমিক, রিয়াজ আহমেদ, নাজনীন নাহার ও প্রথম আলোর কুষ্টিয়া প্রতিনিধি তৌহিদী হাসান। ইপিলিয়ন গ্রুপের সহায়তায় এই শীতবস্ত্র বিতরণ করা হয়।এ নিয়ে চলতি মৌসুমে প্রথম আলো ট্রাস্টের উদ্যোগে দুই হাজার ৪২৮টি কম্বল ও এক হাজার ৬০৭টি সোয়েটার বিতরণ করা হলো।