যশোর ও গাজীপুরে তিন বখাটের কারাদণ্ড
গাজীপুরে ভ্রাম্যমাণ আদালত মনির হোসেন (২৭) নামের এক বখাটেকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন। জেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক তাজিনা সারোয়ার গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে এ দণ্ডাদেশ দেন। এটাই গাজীপুরে ইভ টিজিংয়ের দায়ে প্রথম দণ্ডাদেশের ঘটনা।সাজা পাওয়া মনির গাজীপুর শহরের মারিয়ালী এলাকার বাসিন্দা।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশিদ জানান, মনির হোসেন ২০০৬ সাল থেকে স্থানীয় কাজী আজিম উদ্দিন কলেজের এক ছাত্রীর পিছু নেন। কলেজে আসার পথে বিভিন্ন সময় তিনি তাঁকে উত্ত্যক্ত করতেন। এ কারণে ২০০৯ সালে ছাত্রীটির পড়ালেখা বন্ধ করে এক চিকিৎসকের সঙ্গে তাঁর বিয়ে দেন অভিভাবকেরা। এরপর তিনি স্বামীর সংসারে চলে যান। তাঁরা জেলা শহরেই বাস করতেন। বিয়ের পরও ছাত্রীটির পিছু ছাড়েননি বখাটে মনির। স্বামীর অনুপস্থিতিতে তিনি ছাত্রীটির মুঠোফোনে ও বাসায় গিয়ে বিভিন্নভাবে উত্ত্যক্ত করার চেষ্টা করতেন।বিষয়টি মনিরের অভিভাবকদের জানানো হলে মনির আর উত্ত্যক্ত করবেন না মর্মে মুচলেকা দেন। কিন্তু গত মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে তিনি আবারও ওই মেয়েটিকে উত্ত্যক্ত করেন। মেয়েটির স্বামী কৌশলে মনিরকে শহরের একটি ক্লিনিকে বসিয়ে রেখে গোয়েন্দা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে তাঁকে আটক করে।বিষয়টি জেলা প্রশাসককে জানানো হলে তাঁর নির্দেশে বেলা তিনটার দিকে একটি ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। সাক্ষ্যপ্রমাণ শেষে রাত সাড়ে আটটার দিকে বিচারক তাজিনা সারোয়ার মনিরকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন। এদিকে যশোর উপশহর এলাকার এক কলেজ ছাত্রীর বাড়িতে গিয়ে উত্ত্যক্ত করার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত দুই বখাটেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন। এর মধ্যে রঞ্জিত অধিকারীকে (২০) ছয় মাস বিনাশ্রম ও ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরও ১০ দিনের কারাদণ্ড এবং তাঁর বন্ধু ওহিয়ার রহমানকে (২০) দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়। গতকাল নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম সোহরাব হোসেন এ রায় দেন। প্রত্যক্ষদর্শী ও পুলিশের ভাষ্য মতে, উপশহর মহিলা কলেজের এক ছাত্রীকে রঞ্জিত ও তাঁর বন্ধু ওহিয়ার দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করছেন। গতকাল বাড়িতে ঢুকে তাঁরা উত্ত্যক্ত করার চেষ্টা করলে মেয়েটি চিৎকার দেন। এ সময় মেয়ের মামা এসে ওহিয়ারকে ধরে ফেললেও রঞ্জিত পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওহিয়ারকে আটক করে। দুপুরে উপশহরের ওই বাড়ির সামনে ভ্রাম্যমাণ আদালত বসে। আদালতের বিচারক এস এম সোহরাব হোসেন অভিযুক্ত ওহিয়ারকে দুই মাসের কারাদণ্ড দেন।ওই মেয়েকে অপহরণের উদ্দেশ্যে সন্ধ্যায় রঞ্জিত আবার ওই বাড়িতে যায়। এ সময় বাড়ির লোকজন রঞ্জিতকে আটক করে পুলিশে খবর দেয়। পুলিশ ও ম্যাজিস্ট্রেট দ্বিতীয়বার আদালত বসিয়ে রঞ্জিতকে ছয় মাসের কারাদণ্ড দেন।