যশোর ও পঞ্চগড় সীমান্তে দুটি লাশ উদ্ধার
যশোরের শার্শা ও পঞ্চগড়ের বোদা উপজেলার সীমান্তে আজ শনিবার আলাদাভাবে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এঁদের মধ্যে যশোর থেকে উদ্ধার হওয়া এক তরুণের মৃত্যুর বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ উঠেছে।
যশোর: সকাল সোয়া সাতটার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) টহল দল পুটখালী সীমান্তের চরের মাঠে আমবাগানের ভেতর গামছা দিয়ে ঢাকা এক তরুণের লাশ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
নিহত তরুণের নাম শরীফ হোসেন (৩৮)। তিনি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চালকীপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান প্রথম আলোকে বলেন, মৃতদেহের শরীরের বিভিন্ন স্থানে বুট দিয়ে আঘাত করার চিহ্ন রয়েছে। তাঁর শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বেঁধে কালশিটে দাগ পড়েছে।
ওসি অপূর্ব হাসান জানান, নিহত শরীফসহ ১৫ জন গতকাল রাতে গরু আনতে ভারতে যান। ফেরার পথে শরীফ বিএসএফ সদস্যদের হাতে ধরা পড়েন বলে তার সহযোগীরা জানান।
এ ব্যাপারে জানতে চাইলে বিজিবি ২৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, শরীফকে নির্যাতন করে হত্যা করা হয়েছে। হত্যার প্রতিবাদে ৪০ বিএসএফের কমান্ড্যান্টকে সকালে মৌখিকভাবে ও দুপুরে লিখিতভাবে প্রতিবাদলিপি পাঠানো হয়েছে।
সম্প্রতি বিজিবি-বিএসএফের মধ্যে অনুষ্ঠিত পতাকা বৈঠকে হত্যাকাণ্ড বন্ধের প্রতিশ্রুতি দেয় বিএসএফ। এ ব্যাপারে জানতে চাইলে অধিনায়ক মোস্তাফিজুর রহমান বলেন, ‘ওরা সকাল-বিকাল প্রতিশ্রুতি দেন। আবার ভাঙেন। আর আমরা প্রতিবাদ জানিয়ে যাচ্ছি।’ তিনি বলেন, নির্যাতনে হত্যার পর লাশ ইছামতি নদীর এপারে (বাংলাদেশে) চরের মাঠের আমবাগানে গামছা দিয়ে ঢেকে রেখে যাওয়া হয়।
পঞ্চগড়: বোদা উপজেলা সীমান্তের ওপারে ভারতীয় চা-বাগানের পয়ঃনালা থেকে বাংলাদেশি এক কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে। সকালে বোদা উপজেলার ধামেরঘাট সীমান্তের লাহিড়িপাড়া গ্রামসংলগ্ন ভারতীয় চা-বাগানের শ্রমিকেরা (৭৭২ নম্বর পিলার এলাকায়) পয়ঃনালায় পড়ে থাকা কাদামাটি মাখা একটি লাশ দেখতে পান। ভারতীয় চা-শ্রমিকেরা পাশের দরদরিয়াপাড়া বিএসএফ ও পুলিশকে খবর দেন। বিএসএফের সহযোগিতায় ভারতীয় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে পরিবারের লোকজন নিখোঁজ কলেজছাত্রীর লাশ শনাক্ত করে। খবর পেয়ে ধামেরঘাট বিজিবি ও বোদা থানা পুলিশ সীমান্তে গিয়ে লাশ ফেরতের জন্য বিএসএফ কর্তৃপক্ষকে অনুরোধ জানায়।
নিহত কলেজছাত্রীর নাম লাবণী (১৮)। তাঁর বাড়ি বোদা উপজেলার কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিতলা বনগ্রামে। বাবার নাম রমেশ চন্দ্র। পাঁচদিন আগে লাবণী নিখোঁজ হন। ২৬ জুন তাঁর পরিবারের পক্ষ থেকে বোদা থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়।
প্রথম আলোকে লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজনুর রহমান।
কাজলদীঘি কালিয়াগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলার রহমান জানান, দুর্বৃত্তরা তরুণীকে শ্বাসরোধ করে হত্যা করে ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করা হচ্ছে।
পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর এ কে এম শামীম রেজা জানান, লাশ ফেরতের প্রক্রিয়া চলছে।