যশোর ও বরিশালে নবান্ন উৎসব
বরিশালে নতুন চালের মুড়ি, মোয়া, দেশি পিঠা এবং নানা প্রতিযোগিতা আয়োজনের মধ্য দিয়ে গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে নবান্ন উৎসব। একই দিন যশোরে প্রথমবারের মতো আয়োজিত দুদিনব্যাপী নবান্ন উৎসব শেষ হয়েছে।
গতকাল দুপুর ১২টায় বরিশাল নগরের ফকিরবাড়ি সড়কের শিক্ষক ভবনের তৃতীয় তলায় ওই উৎসবের আয়োজন করে বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল শাখা। নবান্ন উৎসবের সূচনা করা হয় ঘুড়ি তৈরির প্রতিযোগিতার মধ্য দিয়ে। এরপর প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের শিশুরা অংশ নেয় মোরগ লড়াইয়ে। কিশোর-কিশেরীরা বাংলার লোক ঐতিহ্য নিয়ে যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতায় অংশ নেয়।
এদিকে যশোরে ‘আবার জমবে মেলা বটতলা হাটখোলা, অঘ্রানে নবান্নের উৎসবে’ স্লোগান সামনে রেখে দুই দিনের নবান্ন উৎসব শেষ হয়েছে। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর জেলা সংসদের উদ্যোগে টাউন হল মাঠের রওশন আলী মঞ্চে এ উৎসবের আয়োজন করা হয়। গতকাল সন্ধ্যায় মঙ্গল প্রদীপ জ্বালিয়ে বাউল ও লোকজ গান, কবিতা আর পাহাড়ি নাচ পরিবেশন এবং সুধীজনের কথামালার মধ্য দিয়ে উৎসব শেষ হয়। এর আগে শুক্রবার বিকেলে বাঙালি ঐতিহ্যের উপকরণ পালকি, ঢেঁকি, বাদ্যযন্ত্র ঢাক, ঢোল, কাশি নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা শহর ঘুরে উদীচী প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।