যশোর ও বরিশালে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত
যশোরের মনিরামপুরে গতকাল বুধবার ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যসহ চারজন নিহত হয়েছেন। একই দিন বরিশালের গৌরনদীতে অটোরিকশার চাকায় ওড়না পেঁচিয়ে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়।
গতকাল দুপুরে মনিরামপুরের বাগারীতলা এলাকায় একটি ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেলের ছয়জন আরোহী এ দুর্ঘটনার শিকার হন। এতে গুরুতর আহত হয়েছেন দুজন। আহত ব্যক্তিদের যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত চারজনের মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তাঁরা হলেন মনিরামপুরের কাশিমনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) ৬ নম্বর ওয়ার্ডের সদস্য শফিয়ার রহমান (৪৫), যশোর সদর উপজেলার মশিয়ার রহমান (৫৫) ও মনিরামপুরের বালিধা গ্রামের শাহিনুর রহমান (২৭)।
আহত ব্যক্তিদের একজন জি এম হাই। হাসপাতালে চিকিৎসাধীন হাই জানান, এক মোটরসাইকেলে করে তাঁরা তিনজন মনিরামপুর বাজারের দিকে যাচ্ছিলেন। বাগারীতলা বাজারসংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে একটি ট্রাক বেপরোয়াভাবে এগিয়ে আসতে থাকে। এটি দেখে চালক শফিয়ার দ্রুত মোটরসাইকেলটি মূল রাস্তার নিচে ফুটপাথে নামিয়ে দেন। তারপরও ট্রাকের চালক তাঁদের মোটরসাইকেলকে ধাক্কা দিয়ে পেছনে আসা আরেকটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ওই মোটরসাইকেলে থাকা তিনজন ও তাঁদের মোটরসাইকেলে থাকা একজন মারা যায়। মনিরামপুর থানার ওসি মোল্লা খবির আহমেদ বলেন, ট্রাকের সামনের একটি চাকা ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ কারণে ট্রাকটি দুটি মোটরসাইকেলকে ধাক্কা দেয়।
গৌরনদীর বেজগাতি এলাকায় অটোরিকশার সঙ্গে ওড়না পেঁচিয়ে ষষ্ঠ শ্রেণির ছাত্রী সানজিদা আক্তার (১১) নিহত হয়েছে। সে গৌরনদীর ধানডোবা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী। নিহত সানজিদা আক্তারের পরিবার জানায়, সানজিদা তার ফুফুর বাড়ি বেজগাতি গ্রাম থেকে গতকাল দুপুরে অটোরিকশায় করে নিজের বাড়িতে ফিরছিল। পথে অসাবধানতাবশত তার ওড়না অটোরিকশার চাকার সঙ্গে জড়িয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে সানজিদাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।