তৃণমূল নেতাদের ভোট ছাড়াই যশোর ও মনিরামপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে।
খুলনা বিভাগের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক গতকাল রোববার বিকেল চারটায় দলীয় কার্যালয়ে বৈঠক শেষে এ ঘোষণা করেন।
দলের তৃণমূল নেতাদের ভোটের মাধ্যমে প্রার্থী বাছাইয়ের দাবিতে আওয়ামী লীগের সমর্থনপ্রত্যাশী অপর দুই প্রার্থীর লোকজন বিকেলে শহরে মানববন্ধন ও মিছিল করেছেন।
সমর্থনপ্রাপ্ত প্রার্থীরা হলেন যশোর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহিন চাকলাদার, ভাইস চেয়ারম্যান সুলতান মাহমুদ ও মহিলা ভাইস চেয়ারম্যান সেতারা খাতুন।
মনিরামপর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন ও ভাইস চেয়ারম্যান পদে জাতীয় পার্টির নেতা আবদুল হালিম ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম।
যশোর সদর উপজেলা পরিষদ নির্বাচনের জন্য আওয়ামী লীগ থেকে চারজন মনোনয়নপত্র সংগ্রহ করেন। তাঁরা হলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন চাকলাদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহিত কুমার নাথ, আওয়ামী লীগ-সমর্থিত সাবেক সাংসদ খালেদুর রহমান টিটোর ছেলে মাশুক হাসান জয় ও বঙ্গবন্ধু সৈনিক লীগের জেলা কমিটির সভাপতি মোল্লা জাহিদ হোসেন।
মনিরামপুর উপজেলার পরিষদের চেয়ারম্যান পদে উপজেলা কমিটির সভাপতি কাজী মাহমুদুল হাসান ও যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন। সবাই আওয়ামী লীগের প্রার্থী দাবি করে গণসংযোগ চালিয়ে যান।
দলের প্রার্থী বাছাইয়ের জন্য গতকাল কেন্দ্রীয় নেতাদের একটি দল যশোরে আসে। যশোর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে বিকেলে বৈঠক বসে।
বৈঠকে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, কেন্দ্রীয় নেতা এস এম কামাল, সদর আসনের সাংসদ কাজী নাবিল আহমেদ, জেলা সভাপতি আলী রেজা প্রমুখ। আওয়ামী লীগের নেতারা বলেছেন, তৃণমূলের ভোট ছাড়াই দলের প্রার্থী বাছাই অগণতান্ত্রিক সিদ্ধান্ত।
তৃণমূল নেতাদের মতামত উপেক্ষা করে দলের প্রার্থী ঘোষণা করার কারণে বিদ্রোহী প্রার্থীরা মাথাচাড়া দিয়ে উঠতে পারেন। এতে নির্বাচনে ঝিকরগাছা-বাঘারপাড়ার মতো পরিণতি হতে পারে।
জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মীর জহুরুল ইসলাম প্রথম আলোকে বলেন, দলের সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে কেন্দ্রীয় নেতারা যশোর ও মনিরামপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থীকে সমর্থন দিয়েছেন।