যশোর ও মেহেরপুরে ঝড়ে ব্যাপক ক্ষতি

* যশোরে বড় ক্ষতি হয়েছে উঠতি বোরো ধানের
* মেহেরপুরে মূল ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘর ও গাছপালার
কালবৈশাখী ও বৃষ্টিতে যশোর ও মেহেরপুরে ব্যাপক ক্ষতির খবর এসেছে। গত বুধবারের এই ঝড়ে মেহেরপুরে ঘরবাড়ি-গাছপালা ভেঙে গেছে। যশোরে বড় ক্ষতি হয়েছে উঠতি বোরো ধানের।
যশোর কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র জানায়, জেলায় এবার ১ লাখ ৫১ হাজার ৮০৫ হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে। বেশির ভাগ খেতের ধান পেকে গেছে। অনেক খেতে ধান পাকতে শুরু করেছে। ধান কাটা শুরু হয়েছে। তবে এখন পর্যন্ত ১৫-২০ শতাংশ খেতের ধান কাটা হয়েছে। অনেক কৃষক আবার ধান কেটে খেতেই শুকাতে দিয়েছেন।
কৃষকেরা বলছেন, গত বুধবার ভোরে ও রাতে দুই দফা বৃষ্টির সঙ্গে ঝড় হয়। এতে ধানের গাছ মাটিতে নুয়ে পড়েছে। অনেক খেতে পানি জমে যাওয়ায় কেটে রাখা ধান এর ওপর ভাসছে।
অভয়নগর উপজেলার বগুড়াতলা গ্রামের কৃষক শেখ কামাল হোসেন বলেন, ‘আমি ১৬ কাঠা জমি বর্গা নিয়ে বোরো ধান করিছি। ধান কেটে খেতে শুকাতি দিছিলাম। বুধবারের বৃষ্টিতে খেতে পানি জমে গেছে। পানির ওপর ধান ভাসছে।’
যশোর সদর উপজেলার নরেন্দ্রপুর গ্রামের কৃষক বাবর আলী সরদার বলেন, এবার তিনি তিন বিঘা জমিতে (৫২ শতকে বিঘা) ধান চাষ করেন। ব্লাস্ট রোগে এক বিঘা জমির ধান নষ্ট হয়ে যায়। এখন ঝড়-বৃষ্টিতে বাকি দুই বিঘা জমির ধান নষ্ট হচ্ছে।
যশোর আবহাওয়া অফিস জানায়, বুধবার দুই দফায় জেলায় ২৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে বুধবার ভোরে ৭ মিলিমিটার এবং রাতে ১৭ মিলিমিটার বৃষ্টিপাত হয়।
যশোরের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কাজী হাবিবুর রহমান বলেন, ঝড়-বৃষ্টিতে জেলার কোনো কোনো জায়গায় ধানখেতে ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ক্ষতির পরিমাণ বেশি নয় বলে দাবি করেন তিনি।
এদিকে মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক এস এম মোস্তাফিজুর রহমান বলেন, জেলায় ২২ হাজার ১৪৫ হেক্টর জমিতে বোরো ধানের চাষ হয়েছে। তবে গত দিনের ঝড়ে ধান হেলে পড়া ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ২ হাজার ৯০ হেক্টর জমিতে আম রয়েছে। ঝড়ের কারণে কিছু আম ঝরে পড়েছে।
মেহেরপুরে বুধবার রাত আটটা থেকে টানা প্রায় ২ ঘণ্টা ঝড়বৃষ্টি চলে। এতে মূল ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িঘর ও গাছপালার; বেশি ক্ষতি হয়েছে মেহেরপুর সদর ও গাংনী উপজেলায়।
গতকাল সকালে সরেজমিনে দেখা গেছে, মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কে বহু গাছ উপড়ে পড়ে আছে। গাংনী উপজেলার ধলা, কাজীপুর, বুড়িপোতাসহ বিভিন্ন এলাকায় অসংখ্য বাড়ির চাল উড়ে গেছে। কোথাও কাঁচা ও আধা পাকা দেয়াল ধসে পড়েছে। রাস্তার দুই ধারের অসংখ্য গাছ উপড়ে পড়েছে। গাছের ডাল পড়ায় তারসহ বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়েছে। সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির মহাব্যবস্থাপক রেজাউল করিম বলেন, ঝড়ে ১১ কেভির পাঁচটি বৈদ্যুতিক খুঁটিসহ ১০টি খুঁটি উপড়ে গেছে; বিদ্যুতের তার ছিঁড়ে গেছে। এত বিপর্যয়ের মধ্যেও পর্যায়ক্রমে তাঁরা সব এলাকায় বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার চেষ্টা করছেন।