যশোর কালেক্টরেট চত্বরে অননুমোদিত স্থাপনা অপসারণে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের কালেক্টরেট চত্বরে অননুমোদিত স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত।

এক রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আজ বুধবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।

গত বছরের ২৫ ডিসেম্বর ‘যশোর কালেক্টরেট চত্বরে বন্ধ হয়নি দোকান নির্মাণ’ শীর্ষক প্রতিবেদন একটি জাতীয় দৈনিকে ছাপা হয়। সেটি যুক্ত করে যশোর জেলা আইনজীবী সমিতির সদস্য মাহবুব আলম রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী উজ্জ্বল হোসেন। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

রুলে যশোরের কালেক্টরেট চত্বরে অননুমোদিত স্থাপনা নির্মাণ রোধে নিষ্ক্রিয়তা কেন বেআইনি হবে না, তা জানতে চাওয়া হয়েছে। জনপ্রশাসন সচিব, ভূমিসচিব, যশোর জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আইনজীবী উজ্জ্বল হোসেন প্রথম আলোকে বলেন, যশোরের কালেক্টরেট চত্বরে অননুমোদিত স্থাপনা সাত দিনের মধ্যে অপসারণে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। একই সঙ্গে আদালত ওই এলাকায় অনুমোদন ছাড়া দোকানসহ স্থাপন নির্মাণের অভিযোগে দুর্নীতি দমন কমিশনকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

প্রতিবেদনে জানানো হয়, যশোর কালেক্টরেট চত্বরে কর্মচারী কল্যাণ সমিতির নামে নির্মাণ করা হচ্ছে আধা পাকা টিনশেডের দোকান। অপরিকল্পিতভাবে কালেকটরের চত্বরে সৌন্দর্য নষ্ট করে আধা পাকা ইমারত নির্মাণ করায় ক্ষুব্ধ সচেতন সমাজ।