যশোর কেন্দ্রীয় কারাগারে বিএনপি নেতার মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা বিএনপির এক নেতা গত সোমবার রাতে মারা গেছেন। জেলা বিএনপির নেতারা গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করে অভিযোগ করেছেন, কারা কর্তৃপক্ষের অবহেলার কারণে ওই নেতা মারা গেছেন।
বিএনপির ওই নেতার নাম বদিউর রহমান (৫০)। ২৬ আগস্ট নাশকতার মামলায় আদালতের মাধ্যমে বদিউরকে কারাগারে পাঠানো হয়। তিনি যশোরের বাঘারপাড়া পৌর বিএনপির সাবেক সহসভাপতি ছিলেন। বাঘারপাড়া পৌর এলাকার বাঘারপাড়া গ্রামে বসবাস করতেন।
কারাধ্যক্ষ আবু তালেব বলেন, গত সোমবার রাত সাড়ে ১১টার দিকে হঠাৎ বদিউরের বুকে ব্যথা শুরু হয়। সঙ্গে সঙ্গে তাঁকে যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের জরুরি বিভাগের নেওয়ার পর পৌনে ১২টার দিকে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জেলা বিএনপির পক্ষ থেকে গতকাল দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করা হয়। জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক বলেন, কারা কর্তৃপক্ষের অবহেলায় বিনা চিকিৎসায় বদিউরের মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ অনুসন্ধানের জন্য তাঁরা বিচার বিভাগীয় তদন্তের দাবি জানাচ্ছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি শামসুল হুদা, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন প্রমুখ।
তবে কারাগার কর্তৃপক্ষ এই অভিযোগ অস্বীকার করেছে।
বদিউরের চাচা মো. হাসান আলী বলেন, বাঘারপাড়ায় বিএনপির সদস্য সংগ্রহ কর্মসূচি চলার সময় উপজেলা বিএনপির সভাপতি টি এস আইয়ুবের অনুসারীদের সঙ্গে বিএনপির বহিষ্কৃত নেতা আবু তাহেরের অনুসারীদের মধ্যে বিরোধ হয়। ওই বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ ঘটনায় বাঘারপাড়া থানার পুলিশ বাদী হয়ে একটি মামলা করে। বদিউর ওই মামলার আসামি।