যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শনে এসে কার্যাদেশ বাতিল করলেন মন্ত্রী
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের শনিবার সকালে যশোর-খুলনা মহাসড়ক পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি মহাসড়কের বেহাল অবস্থা দেখে ক্ষোভ প্রকাশ করেন এবং ঠিকাদারের কাজে অসন্তোষ প্রকাশ করে তাৎক্ষণিকভাবে কার্যাদেশ বাতিল করেন।
সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ৭০ দিনের মধ্যে যশোর-খুলনা মহাসড়কসহ কোনো সড়কে কোনো গর্ত দেখতে চাই না। বর্ষার আগেই সব সড়ক সংস্কারের কাজ শেষ করতে হবে।’ এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘যশোর-খুলনা মহাসড়কের ৬৬ কিলোমিটারের মধ্যে মাত্র তিন কিলোমিটার খারাপ অবস্থায় রয়েছে। আমি ১০ বার এখানে এসেছি। তার পরও এই সড়কের কাজ শেষ হয়নি। এর জন্য ঠিকাদারের গাফিলতি ও অবহেলা রয়েছে। তাই ঠিকাদারি প্রতিষ্ঠানের কার্যাদেশ বাতিল করা হলো। আগামীকালই (রোববার) নতুন টেন্ডার-প্রক্রিয়া শুরু করা হবে।’
যোগাযোগমন্ত্রী মহাসড়কটিতে নছিমন, করিমন চলাচল করায় ক্ষোভ প্রকাশ করেন এবং এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশ সুপারকে নির্দেশ দেন। সড়ক ও জনপথ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মোহাম্মদ আলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ফকির আবদুর রব, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার কে এম আরিফুল হক এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন।
সড়ক ও জনপথ বিভাগের যশোর কার্যালয় সূত্র জানায়, যশোরের চাঁচড়া থেকে অভয়নগর উপজেলার রাজঘাট পর্যন্ত যশোর-খুলনা মহাসড়কের ৩৪ কিলোমিটার দীর্ঘদিন ধরে যানবাহন চলাচলের জন্য অনুপযোগী হয়ে আছে। মহাসড়কটির ওই অংশ ভাঙাচোরা, অসংখ্য গর্ত ও খানাখন্দে ভরা। গত বছরের ৫ ফেব্রুয়ারি যৌথ ঠিকাদারি প্রতিষ্ঠান দ্য বেসিক ইউআইএল-জেভিকে ২২ কোটি এক লাখ ৯৫ হাজার টাকা ব্যয়ে সংস্কারের কার্যাদেশ দেওয়া হয়। গত ৪ ফেব্রুয়ারি কাজ শেষ করার কথা ছিল। কিন্তু কার্যাদেশ পাওয়ার পর ঠিকাদার ঢিমেতালে কাজ করতে থাকেন বলে অভিযোগ রয়েছে। ৭ জুন মহাসড়কটি সংস্কারের কাজ বন্ধ করে দেওয়া হয়।
সূত্র জানায়, এ পর্যন্ত ঠিকাদার ৩৫ শতাংশ কাজ করেছেন। ঠিকাদার এনামুল হক মুঠোফোনে শনিবার বিকেলে প্রথম আলোকে বলেন, ‘বর্ষাকাল এবং লাগাতার হরতাল-অবরোধের কারণে আমি নির্ধারিত সময়ে কাজ শেষ করতে পারিনি। মন্ত্রী কার্যাদেশ বাতিল করার পর আমি তাঁর সঙ্গে দেখা করে মাত্র এক মাস সময় চেয়েছি। তিনি বিষয়টি পরে দেখবেন বলে আমাকে জানিয়েছেন।’