যশোর জিলা স্কুলের মিলন মেলা ভাঙল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড্ডা, হাসি, গান আর শৈশবের স্মৃতিচারণার মধ্য দিয়ে যশোর জিলা স্কুলের প্রাক্তন ছাত্রদের দুই দিনের মিলনমেলা গতকাল শনিবার শেষ হয়েছে।
সকাল সাড়ে আটটায় স্কুল প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান। এতে অংশ নেন স্কুলের প্রাক্তন ছাত্র ও শিক্ষকবৃন্দ। শহর ঘুরে শোভাযাত্রাটি আবার অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। এর পর সারা দিনই চলতে থাকে প্রাক্তন ছাত্রদের স্মৃতিচারণা, খেলাধুলা, আড্ডা, রক্তদান কর্মসূচি ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
স্মৃতিচারণা করেন সাবেক রাষ্ট্রদূত মনিরুজ্জামান, মেজর জেনারেল (অব.) জামিল উদ্দীন আহসান, ঢাকা মেডিকেল কলেজের সাবেক অধ্যক্ষ মাহবুবুল আলম, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ এ এম জাকারিয়া, কৃষিবিদ আবদুল মাজেদ প্রমুখ। অনুষ্ঠানের ফাঁকে ১৯৯২ সালের ব্যাচের পক্ষ থেকে মামুন স্মৃতি বৃত্তি দেওয়া হয়। ষষ্ঠ থেকে দশম শ্রেণীর পাঁচ মেধাবী ছাত্রকে এ বৃত্তি দেওয়া হয়। প্রতিবছর এ বৃত্তি দেওয়া হবে বলে ব্যাচের পক্ষ থেকে শুভঙ্কর গুপ্ত ঘোষণা দেন।
নবীন প্রবীণ এক প্রাণ—স্লোগান সামনে রেখে শুক্রবার বিকেলে যশোর জিলা স্কুলের ১৭৫ বছর পূর্তি উদ্যাপন এবং প্রাক্তন ছাত্র পুনর্মিলনী উপলক্ষে দুই দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।