যশোর জেনারেল হাসপাতালে ৪৫ শতাংশ রোগী ওষুধ পায় না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের আন্তবিভাগে জরুরি মুহূর্তে প্রায় অর্ধেক রোগী চিকিৎসাসেবা পান না। আর চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী বহির্বিভাগের ৪৫ শতাংশ মানুষ সরকারি ওষুধ পাওয়া থেকে বঞ্চিত হন। গত সোমবার সচেতন নাগরিক কমিটির (সনাক) এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়েছে।দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) গবেষণা বিভাগের উপব্যবস্থাপক খোরশেদ আলম এ তথ্য জানান। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আলমগীর কবির, সনাকের সভাপতি আবু সালেহ প্রমুখ। এ সময় সনাকের স্বাস্থ্য উপকমিটির সভাপতি আমির হোসেন, সদস্য মোস্তাফিজুর রহমান, বেসরকারি সংগঠন সুসমাজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মুজিবুদ্দৌলাহ সরদার প্রমুখ উপস্থিত ছিলেন।টিআইবির প্রতিবেদন অনুযায়ী, হাসপাতালের সেবাগ্রহীতা ৫৪৩ জনের মধ্যে জরিপ পরিচালনা করা হয়েছে। এতে মোট সেবাগ্রহীতার মধ্যে ৪৫ দশমিক ৫৮ শতাংশ মানুষ চিকিৎসকের ব্যবস্থাপত্র অনুযায়ী হাসপাতাল থেকে ওষুধ পায় না। এ ছাড়া জরুরি ও বহির্বিভাগে চিকিৎসকের উপস্থিতি থাকে অনেক কম। বেশির ভাগ মানুষকে সেবা গ্রহণের জন্য হাসপাতালের বিভিন্ন বিভাগে খাত অনুযায়ী নিয়মবহির্ভূত টাকা দিতে হয়। চিকিৎসকদের সেবার মান, টিকিট ক্রয়, কেবিন ভাড়া, পরীক্ষা, ইনজেকশন বা স্যালাইন পুশের জন্য অতিরিক্ত টাকা দিতে হয়। প্রতিবেদনে এসব অসঙ্গতির চিত্র উঠে এসেছে।হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আলমগীর কবির বলেন, নানা সীমাবদ্ধতার মধ্য দিয়ে এ হাসপাতালে মানুষের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। বর্তমানে হাসপাতালে মোট আসনের দেড় গুণ রোগী ভর্তি করা হয়। সে তুলনায় জনবল নেই। সমস্যা সমাধানের লক্ষ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তবে অনিয়ম-দুর্নীতি রোধে সবাইকে সচেতন হতে হবে।সনাক যশোর শাখার সভাপতি আবু সালেহ বলেন, এই প্রতিবেদন প্রকাশের মূল উদ্দেশ্য সেবার মান সম্পর্কে মানুষকে জানানো। এর মাধ্যমে সংকট নিরসনের উপায় খুঁজে বের করা। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে হেয় করার জন্য জরিপ প্রকাশ করা হয় না।