কুষ্টিয়ায় যৌন নিপীড়নের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হওয়া মনিরুল ইসলাম ওরফে মনোকে (৪০) গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে যশোর শহর থেকে তাঁকে গ্রেপ্তার করে কুষ্টিয়া গোয়েন্দা পুলিশ। মনিরুলের বাড়ি কুষ্টিয়া সদর উপজেলার হাটশ হরিপুর গ্রামে।
গোয়েন্দা পুলিশ জানায়, গ্রেপ্তারের পর রাতেই তাঁকে কুষ্টিয়া পুলিশ লাইনে গোয়েন্দা কার্যালয়ে নেওয়া হয়। গত ৭ জুলাই কুষ্টিয়া মডেল থানায় পর্নোগ্রাফি আইনে করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এজাহারে মনিরুলের নাম নেই, তবে ছড়িয়ে পড়া ভিডিও দৃশ্যে (ভিডিও ক্লিপস) তাঁকে দেখা গেছে।
গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, মনিরুলকে কুষ্টিয়া আমলি আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে। কাল রোববার আবেদনের শুনানি হতে পারে। আদালত তাঁকে কারাগারে পাঠিয়েছেন।
জানতে চাইলে ওসি বলেন, মনিরুল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, শিক্ষক হেলাল উদ্দিন তাঁর কোচিংয়ের পাশের কক্ষে ছাত্রীদের সঙ্গে মেলামেশা করতেন। তা ছাড়া ওই বাসায় নিরাপদ আশ্রয় হিসেবে অন্য ব্যক্তিরা সেখানে নারীদের নিয়ে যেতেন। তবে তাঁরা ভিডিও দৃশ্যের বিষয়টি জানতেন না। মনিরুল পুলিশের কাছে দাবি করেছেন, হেলাল তাঁদের সঙ্গে প্রতারণা করেছেন। সব ঘটনার মূল হোতা হেলাল।