যশোর থেকে ঢাকায় পাঠানো হলো ১৭ বিদেশিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর থেকে একটি বিমানে আজ রোববার ১৭ বিদেশি নাগরিককে ঢাকায় পাঠানো হয়েছে।

এ ছাড়া যশোরে অবস্থানরত অপর ১৭ বিদেশি নাগরিককে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে। এর মধ্যে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি জাইকা প্রকল্পের চারজন জাপানি নাগরিক পুলিশ প্রহরায় আজ চৌগাছা উপজেলার জগদীশপুর গ্রামে কাজ করেছেন।
ছয় দিনের মধ্যে দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের পর যশোরে বিদেশি নাগরিকদের বিশেষ নিরাপত্তায় ঢাকায় পাঠানো হলো।
এ ব্যাপারে জানতে চাইলে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার কেএম আরিফুল হক প্রথম আলোকে বলেন, খুলনা বিভাগের বিভিন্ন জেলায় অবস্থান করা ১৭ জন নাগরিক যশোর বিমান বন্দর দিয়ে আজ ঢাকায় ফিরেছেন। যশোরে অবস্থান করা ১৭ বিদেশি নাগরিককে বিশেষ নিরাপত্তা দেওয়া হচ্ছে। তাঁরা যেখানে অবস্থান করছেন সেখানে সাদা পোশাকে পুলিশের টহল রাখা হয়েছে। বিশেষ ক্ষেত্রে পোশাকধারী পুলিশি নিরাপত্তাও দেওয়া হচ্ছে। তা ছাড়া বিদেশিদের চাহিদা অনুযায়ী নিরাপত্তা জোরদার করা হচ্ছে।
বেসরকারি ইউ-এস বাংলা বিমানের যশোর কার্যালয় থেকে জানা গেছে, সকাল সাড়ে আটটায় ছেড়ে যাওয়া ফ্লাইটে ১৭ বিদেশি নাগরিক ঢাকায় গেছেন। ট্যুর প্ল্যানার নামে একটি ট্যুর সংস্থা তাদের ফিরতি টিকিট কেটে রেখেছিল গত সাত সেপ্টেম্বর।