যশোর-নড়াইল সড়কে শ্রমিকদের কর্মবিরতি, ভোগান্তি
পূর্বঘোষণা ছাড়াই যশোর-নড়াইল সড়কে যাত্রীবাহী পরিবহনের চালকেরা বাস চালানো বন্ধ করে দিয়েছেন। অন্যান্য সড়কেও বাস চলাচল কমে গেছে। আজ রোববার সকাল থেকে শ্রমিকদের কাজ না করার এই আকস্মিক সিদ্ধান্তে মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। শ্রমিকদের জন্য প্রণীত নতুন আইন শিথিলের দাবিতে তাঁরা এ কর্মবিরতি পালন করছেন।
আজ সকালে নড়াইলে যাওয়ার জন্য লোকজন শহরের নড়াইল বাসস্ট্যান্ডে গিয়ে ভোগান্তিতে পড়ে। চালকেরা স্ট্যান্ডে বাস রেখে দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। এদিকে যাত্রীদের ভ্যান-ইজিবাইকসহ ছোটখাটো যানবাহনে করে গন্তব্যে পৌঁছাতে হয়েছে। এ জন্য তাদের অতিরিক্ত ভাড়াও গুনতে হয়েছে। যশোর-মাগুরা, যশোর-ঝিনাইদহ, যশোর-কেশবপুর, যশোর-খুলনাসহ বিভিন্ন সড়কে বাস চলাচল কমে গেছে।
এ ব্যাপারে জানতে চাইলে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের খুলনা আঞ্চলিক কমিটির সভাপতি আজিজুল আলম প্রথম আলোকে বলেন, সরকার প্রণীত শ্রমিকদের জন্য নতুন আইন স্বার্থবিরোধী। চালক ভাইয়েরা বলছেন, রাস্তায় চলাচলের সময় দুর্ঘটনা ঘটতেই পারে। এ জন্য ১৫ লাখ টাকা জরিমানা আমরা কোথায় পাব। আমরা বাস চালাব না। আইন শিথিলের দাবি জানান তিনি।
পূর্বঘোষণা ছাড়াই শ্রমিকদের কর্মবিরতি পালন কতটা যৌক্তিক, জানতে চাইলে আজিজুল আলম বলেন, ‘নতুন আইন প্রণয়নের পর থেকে দেশের বিভিন্ন জায়গায় শ্রমিকেরা বাস চালানো বন্ধ করে দিয়েছেন। যশোরেও বিভিন্ন রুটে বাস চলাচল কম ছিল। আজ থেকে নড়াইল সড়কে একদমই বন্ধ হয়ে গেছে। শ্রমিকেরাই তো বাঁচতেছে না। সাধারণ মানুষের কথা চিন্তা করার সময় কোথায়?’