যশোর পৌর মেয়রসহ বিএনপির পাঁচ নেতা কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোর পৌরসভার মেয়র ও বিএনপির শহর কমিটির সভাপতি মারুফুল ইসলামসহ জেলা বিএনপির শীর্ষ পাঁচ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। নাশকতা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় গতকাল বুধবার তাঁরা যশোর আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁদের কারাগারে পাঠানো হয়।
আদালত ও দলীয় সূত্রে জানা গেছে, ২০-দলীয় জোটের হরতাল-অবরোধের সময় বিএনপির নেতা-কর্মীদের নামে একাধিক মামলা করা হয়। এর মধ্যে মারুফুল ইসলাম ও জেলা বিএনপির সহসভাপতি গোলাম রেজার নামে সাতটি করে, যশোর শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি ও বিএনপির যুগ্ম সম্পাদক মিজানুর রহমান খানের বিরুদ্ধে দুটি ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন এবং দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলামের ছেলে জেলা কমিটির নির্বাহী সদস্য অনিন্দ্য ইসলামের বিরুদ্ধে পাঁচটি করে মামলা হয়। দীর্ঘদিন আত্মগোপনে থেকে তাঁরা গতকাল আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।