যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ছাত্র আবু হানিফ সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় বিশ্ববিদ্যালয়ে শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে আজ রোববার বিশ্ববিদ্যালয় বন্ধ থাকছে।
গতকাল শনিবার ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা কালো ব্যাজ ধারণ করে শোক প্রকাশ করেন। আবু হানিফের আত্মার শান্তি ও আহত দুই ছাত্রীর সুস্থতা কামনা করে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে দোয়া অনুষ্ঠান হয়েছে।
এদিকে বেলা ১১টায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমারজানী গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থানে হানিফের মরদেহ দাফন করা হয়েছে। দাফনের সময় বিশ্ববিদ্যালয়ের দেড় শতাধিক ছাত্র-ছাত্রী-সহপাঠী উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একান্ত সচিব কামরুল হাসান বলেন, আনুষ্ঠানিকভাবে বিশ্ববিদ্যালয়ে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে। শোক প্রস্তাবে রোববার বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। বিজয় দিবসের পর মিলাদ মাহফিল, কুলখানিসহ অন্যান্য অনুষ্ঠান করা হবে।