যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে রোববার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মাস বন্ধ থাকার পর আগামী রোববার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের আইনশৃঙ্খলা বিষয়ে যশোর সার্কিট হাউস মিলনায়তনে জেলা প্রশাসক মোস্তাফিজুর রহমান ও পুলিশ সুপার জয়দেব কুমার ভদ্রের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তারের বৈঠক থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।প্রসঙ্গত, ভর্তি ও সেমিস্টার ফি কমানোর দাবিতে ৮ জুন থেকে শিক্ষার্থীরা আন্দোলন করে আসছিলেন। ১২ জুন কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা হওয়ায় শিক্ষার্থীরা উল্লাস করছিলেন। এ সময় এক কর্মচারী ছাত্রদের কটূক্তি করলে বাগিবতণ্ডা ও হাতাহাতি হয়। ওই কর্মচারীর বাড়ি বিশ্ববিদ্যালয়ের পাশের গ্রামে হওয়ায় এলাকার লোকজন নিয়ে তিনি শিক্ষার্থীদের ওপর হামলা করেন। শিক্ষার্থীরা স্থানীয় ব্যক্তিদের দুটি মোটরসাইকেল জ্বালিয়ে দেন। এরপর কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।