যশোর প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের হল বন্ধ ঘোষণা
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়সংলগ্ন কয়েকটি গ্রামের বাসিন্দাদের সংঘর্ষ হয়েছে। এতে তিনজন আহত হয়েছে। এ ঘটনার পর কর্তৃপক্ষ অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয়ের দুটি হল বন্ধ ঘোষণা করেছে। কর্তৃপক্ষের নির্দেশে গতকাল বিকেল চারটার মধ্যে শিক্ষার্থীরা হল ছেড়েছেন। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী সূত্রে জানা গেছে, গতকাল দুপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের নিরাপত্তাকর্মী বিশ্ববিদ্যালয়সংলগ্ন শ্যামনগর গ্রামের বাসিন্দা বদি-উজ-জামানের সঙ্গে কয়েকজন শিক্ষার্থীর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতিতে গড়ায়। এ সময় বদি-উজ-জামানের ডাকে স্থানীয় কয়েকজন যুবক তিনটি মোটরসাইকেল নিয়ে ফটকের সামনে যান। বিক্ষুব্ধ ছাত্ররা মোটরসাইকেলগুলোতে আগুন ধরিয়ে দেন। এ খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের আশপাশের কয়েকটি গ্রামের ৫০-৬০ জন লোক একত্র হয়ে ক্যাম্পাসে ঢোকার চেষ্টা করে। এর আগেই ফটক বন্ধ করে দেওয়া হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে ইটপাটকেল ছোড়াছুড়ি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। উপাচার্য আবদুস সাত্তার বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে হল বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক কার্যক্রম যথারীতি চলবে।