যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কাল বন্ধ
সড়ক দুর্ঘটনায় ছাত্র নিহত হওয়ার ঘটনায় আগামীকাল রোববার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক দিনের শোক ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে কাল বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
গতকাল শুক্রবার যশোর-চৌগাছা সড়কের পুলতাডাঙ্গা এলাকায় সড়ক দুর্ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ছাত্র আবু হানিফসহ চারজন নিহত হন। আজ বেলা ১১টার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কুমারজানী গ্রামের পারিবারিক কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ও তাঁর সহপাঠীরা দাফনে অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আবদুস সাত্তার বলেন, ‘আবু হানিফ ক্যাম্পাসের প্রিয়মুখ ছিল। একই সঙ্গে সে ছিল সবচেয়ে ভালো অ্যাথলেট। তার এভাবে হারিয়ে যাওয়ার ঘটনা খুবই হৃদয়বিদারক। আমরা তার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে কাল বিশ্ববিদ্যালয় ছুটি ঘোষণা করেছি।’
এ দিকে এ দুর্ঘটনায় আজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা কালো ব্যাচ ধারণ করেন। নিহত আবু হানিফের আত্মার শান্তি ও আহত দুই ছাত্রীর সুস্থতা কামনা করে বিশ্ববিদ্যালয় মিলনায়তনে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপাচার্যের একান্ত সচিব কামরুল হাসান জানান, বিজয় দিবসের পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আবু হানিফের আত্মার মাগফিরাত কামনায় ক্যাম্পাসে মিলাদ মাহফিল ও কুলখানির আয়োজন করা হবে।