যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় খুলছে ৩০ মে
৫০ দিনের অচলাবস্থার পর ৩০ মে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস খুলছে। পরদিন ৩১ মে থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হবে। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের সহকারী পরিচালক মো. হায়াতুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ মঙ্গলবার দুপুরে এ তথ্য জানানো হয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, শৃঙ্খলা ভঙ্গের দায়ে গত ৯ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী রিজেন্ট বোর্ডের সভায় পাঁচ ছাত্র ও একজন কর্মচারীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়। প্রতিবাদে শিক্ষার্থীরা ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন শুরু করেন। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ভেঙে পড়ে। এরপর ২৬ এপ্রিল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা আছে, ৩৪তম রিজেন্ট বোর্ডের সভার সিদ্ধান্ত অনুযায়ী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সব ধরনের মিছিল, মিটিং, সভা, সমাবেশ নিষিদ্ধ রয়েছে। কেউ ক্যাম্পাসে এ ধরনের কর্মকাণ্ড করার চেষ্টা করলে বিশ্ববিদ্যালয়ের আচরণবিধি (কোড অব কনডাক্ট) অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুস সাত্তারের সভাপতিত্বে চ্যান্সেলরের সম্মেলন কক্ষে আজ দুপুরে বৈঠক হয়। এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক আবুল হোসেন, রেজিস্ট্রার আহসান হাবীব, পাঁচটি অনুষদের ডিন, ১৭টি বিভাগের চেয়ারম্যান, প্রভোস্ট, প্রক্টর, পরিচালকসহ (ছাত্র পরামর্শ ও নির্দেশনা) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
সভায় সিদ্ধান্ত হয়, ৩০ মে সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ৩১ মে বিশ্ববিদ্যালয়ের ক্লাস ও পরীক্ষা চালু হবে।