
যশোর শিক্ষা বোর্ড ছাড়া বাকি শিক্ষা বোর্ডগুলোর ফল গড়পড়তা আগের মতোই রয়েছে। একমাত্র যশোর বোর্ডে পাসের হার প্রায় ৩৭ শতাংশ বেড়ে যাওয়ায় এর প্রভাব পড়েছে সামগ্রিক ফলের ওপর। গতকাল বৃহস্পতিবার আটটি সাধারণ শিক্ষা বোর্ডের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় গড় পাসের হার ৬ দশমিক ৬৩ শতাংশ বেড়েছে। জিপিএ-৫ গতবারের চেয়ে বেশি পেয়েছেন ১৪ হাজার ২২৯ পরীক্ষার্থী।
জিপিএ–৫ পেয়েছেন ৪৮,৯৫০ পরীক্ষার্থী
প্রকাশিত ফল অনুযায়ী, কোনো কোনো বোর্ডের ফল গতবারের চেয়ে খারাপ বা আগের মতোই আছে। দু-একটিতে বাড়লেও তা সামান্য। অথচ গতবার সব বোর্ডের মধ্যে খারাপ করা যশোর বোর্ডে পাসের হার বেড়েছে বিস্ময়করভাবে।
ফল বিশ্লেষণ ও পরীক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মূলত যশোর বোর্ডের কারণেই সারা দেশের সার্বিক ফল ভালো হয়েছে। পাশাপাশি ইংরেজি বিষয়েও অধিকাংশ শিক্ষা বোর্ডের ফল গতবারের চেয়ে ভালো হয়েছে, যা সার্বিক ফলের ওপর প্রভাব ফেলে। ইংরেজিতে যশোরেই গতবারের চেয়ে প্রায় ৩৯ শতাংশ পরীক্ষার্থী বেশি পাস করেছেন।
যশোরের হঠাৎ এই ভালো ফল করা নিয়ে আলোচনা-সমালোচনা চলছে। জানতে চাইলে যশোর বোর্ডের সাবেক চেয়ারম্যান আমিরুল আলম খান প্রথম আলোকে বলেন, ‘এই ফল আমাকেও অবাক করেছে।’ ফল নিয়ে এর বাইরে তিনি কিছু বলতে রাজি হননি।
এ বিষয়ে যশোর বোর্ডের চেয়ারম্যান আবদুল মজিদ বলেন, গত বছর ফেল করা প্রায় ৩৫ হাজারের মতো পরীক্ষার্থী মাত্র একটি বিষয়ে পরীক্ষা দিয়েছেন। তাঁরা প্রায় সবাই পাস করেছেন। তাঁর দাবি, এই ফল নিয়ে নেতিবাচক প্রশ্ন তোলার মতো কিছু হয়নি।
তবে নাম প্রকাশ না করার শর্তে একটি শিক্ষা বোর্ডের সাবেক একজন চেয়ারম্যান প্রথম আলোকে বলেন, হঠাৎ করে পাসের হার প্রায় দ্বিগুণ হওয়ায় বিশ্বাসের জায়গায় নাড়া পড়েছে। মানুষের কাছেও এটি অবিশ্বাস্য মনে হবে।
গতকাল সারা দেশে প্রকাশিত হয় এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল। এবারই প্রথম জিপিএর পাশাপাশি বিষয়ভিত্তিক নম্বর প্রকাশ করা হয়েছে। তবে প্রথমবারের এই উদ্যোগ কিছুটা বিচ্যুতি ছিল।
গতকাল দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে ফলাফলের তথ্য তুলে ধরেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফলাফলের অনুলিপি তুলে দেওয়া হয়।
এবার এইচএসসিতে গড় পাসের হার ৭২ দশমিক ৪৭ শতাংশ, যা গতবার ছিল ৬৫ দশমিক ৮৪। এবার জিপিএ-৫ পেয়েছেন ৪৮ হাজার ৯৫০ জন পরীক্ষার্থী। গতবার পেয়েছিলেন ৩৪ হাজার ৭২১ জন। পরীক্ষায় ১০ লাখ ৭ হাজার ৫৩ জন পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন ৭ লাখ ২৭ হাজার ৮০৩ জন। মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে ১০ বোর্ডে গড় পাসের হার ৭৪ দশমিক ৭০ শতাংশ।
তুলনামূলক বিশ্লেষণে দেখা যায়, গতবার পাসের হারে রাজশাহী বোর্ড এগিয়ে থাকলেও এবার ওই বোর্ডে পাসের হার কমেছে। গতবার সেখানে পাসের হার ছিল ৭৭ দশমিক ৫৪ শতাংশ, এবার তা কমে হয়েছে ৭৫ দশমিক ৪০ শতাংশ।
কমেছে সিলেট বোর্ডে পাসের হারও। ওই বোর্ডে এবার পাসের হার ৬৮ দশমিক ৫৯ শতাংশ, যা গতবার ছিল ৭৪ দশমিক ৫৭ শতাংশ। দিনাজপুর, বরিশাল ও চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার গতবারের মতো প্রায় একই রকম আছে। দিনাজপুরে এবার পাসের হার ৭০ দশমিক ৬৪ শতাংশ, বরিশালে ৭০ দশমিক ১৩ শতাংশ এবং চট্টগ্রামে ৬৪ দশমিক ৬০ শতাংশ। কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার কিছুটা বেড়ে হয়েছে ৬৪ দশমিক ৪৯ শতাংশ। ঢাকা বোর্ডে সামান্য বেড়ে পাসের হার হয়েছে ৭৩ দশমিক ৫৩ শতাংশ। ঢাকা বোর্ডে বিজ্ঞান শাখার ফল খুব ভালো হয়েছে। বিজ্ঞান শাখার ৯০ দশমিক ৩৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন। অথচ মানবিকে এই হার ৬৫ দশমিক ৫৯ শতাংশ।
তবে যশোর বোর্ডে পাসের হার গতবারের ৪৬ দশমিক ৪৫ শতাংশ থেকে এক লাফে বেড়ে এবার ৮৩ দশমিক ৪২ শতাংশ হয়েছে। যা আট বোর্ডের গড় পাসের হারের চেয়েও প্রায় ১১ শতাংশ বেশি। এই বোর্ডে ইংরেজিতে পাসের হার কমে যাওয়ায় তার প্রভাব পড়েছিল সামগ্রিক পাসের ওপর। এবার ওই বোর্ডের শিক্ষার্থীরা ইংরেজিতে ৮৯ দশমিক ৮৭ শতাংশ পাস করেছেন, যা গতবার ছিল ৫০ দশমিক ৯১ শতাংশ।
পাসের হার অস্বাভাবিক বেড়ে যাওয়ায় গতকাল সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন শিক্ষামন্ত্রী। নম্বর বাড়িয়ে দেওয়ার নির্দেশনা ছিল কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, নম্বর বাড়িয়ে দেওয়ার অভিযোগ বিশ্বাসযোগ্য বা গ্রহণযোগ্য নয়। তিনি বলেন, গতবার যশোর বোর্ডের ঘটনা ছিল একটি ‘দুর্ঘটনা’। সেটাকে বিবেচনায় নিয়ে চেষ্টা করা হয়েছে।
ইংরেজি ও আইসিটির প্রভাব: গতবার ফল খারাপের বড় কারণ ছিল ‘কঠিন’ বিষয় হিসেবে খ্যাত ইংরেজিতে খারাপ ফল। সবার জন্য বাধ্যতামূলক এই বিষয়ে এবার গতবারের চেয়ে ভালো করেছে পরীক্ষার্থীরা। গতবার চট্টগ্রাম ও বরিশাল বাদে বাকি ছয় বোর্ডের ফল আগের বছরের চেয়ে খারাপ হয়েছিল। এবার যশোর ছাড়াও অন্যান্য বোর্ডেও এই বিষয়ের ফল আগের বছরের চেয়ে কিছুটা ভালো। ঢাকা বোর্ডে ইংরেজিতে পাসের হার ২০১৪ সালের চেয়ে গতবার ১৩ দশমিক ৪৯ শতাংশ কমে হয়েছিল ৭৯ দশমিক ১০ শতাংশ। এবার হয়েছে ৮৬ দশমিক ৪৬ শতাংশ। রাজশাহী, কুমিল্লা, চট্টগ্রামেও এই বিষয়ে পাসের হার ৮০ থেকে ৯০ শতাংশের মধ্যে। সিলেটে ইংরেজিতে পাসের হার তুলনামূলক কম, ৭৭ দশমিক ৯৫ শতাংশ। এই বোর্ডে পাসের হারও কমেছে।
গতবার প্রথমবারের মতো চালু হওয়া তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিষয়ে কিছুটা খারাপ হলেও এবার এই বিষয়ে মোটামুটি ভালো করেছেন শিক্ষার্থীরা। এটাও সার্বিক ফলে কিছুটা প্রভাব ফেলেছে। এবার ঢাকা বোর্ডে এই বিষয়ে গড় পাসের হার ৯৮ দশমিক ১৩ শতাংশ, যা গতবার ছিল প্রায় ৮৭ শতাংশ। অন্যান্য বোর্ডেও এই বিষয়ে পাসের হার ৯০ শতাংশের বেশি বা কিছু কম। চট্টগ্রাম বোর্ড ছাড়া সবগুলো বোর্ডেই বাংলায় পাসের হার ৯০ শতাংশের বেশি।
জিপিএ-৫ প্রাপ্তদের ৮৫ শতাংশই বিজ্ঞানের: বিশ্লেষণে দেখা যায়, এইচএসসি পরীক্ষায় যত পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন, তাঁদের প্রায় ৮৫ শতাংশই বিজ্ঞান ও গার্হস্থ্য বিভাগের শিক্ষার্থী। এবার আটটি শিক্ষা বোর্ডে মোট জিপিএ-৫ পেয়েছেন ৪৮ হাজার ৯৫০ জন শিক্ষার্থী। এর মধ্যে ৪১ হাজার ৪৬৮ জনই বিজ্ঞান ও গার্হস্থ্য শাখার পরীক্ষার্থী। পাসের হারেও বিজ্ঞানের পরীক্ষার্থীরা ভালো করেছেন। বিজ্ঞানে পাসের হার ৮৩ দশমিক শূন্য ৪ শতাংশ। ব্যবসায় শিক্ষা শাখায় গড় পাসের হার ৭৪ দশমিক ৪৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৭৩১ জন। মানবিক, ইসলাম শিক্ষা ও সংগীত শাখায় পাসের হার ৬৭ দশমিক ৩৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ২ হাজার ৭৫১ জন। তিন শাখার মধ্যে এই শাখার ফল সবচেয়ে খারাপ।
শতভাগ সফল প্রতিষ্ঠান কমেছে: এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ৮৪৮টি প্রতিষ্ঠান থেকে শতভাগ শিক্ষার্থী পাস করেছেন। তবে গতবারের চেয়ে এই সংখ্যা ২৮৫টি কমেছে। ফল প্রকাশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, এটা তাঁদের জন্য ভালো উদাহরণ নয়। তবে অন্য সবদিক দিয়েই এবার ভালো ফল হয়েছে। শূন্য পাস করা প্রতিষ্ঠানের সংখ্যাও কমেছে। এবার এ ধরনের প্রতিষ্ঠান ২৫টি, গতবার ওই সংখ্যা ছিল ৩৫।
নম্বর পাওয়া নিয়ে শুরুতে বিড়ম্বনা: এবারই প্রথমবারের মতো পরীক্ষার্থীদের প্রাপ্ত নম্বর দেওয়া হচ্ছে। গ্রেড পদ্ধতিতে ফল প্রকাশের শুরু থেকেই নম্বর প্রকাশ বন্ধ করা হয়েছিল। শুধু একজন শিক্ষার্থী কত জিপিএ পেত, তা দেওয়া হতো। ঢাকা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান বলেন, একজন শিক্ষার্থী সৃজনশীল, বহুনির্বাচনী ও ব্যবহারিক অংশে কত নম্বর পেলেন, তা আলাদাভাবে দেওয়া হবে।
তবে অভিযোগ পাওয়া গেছে প্রথম দিকে অনেকেই নম্বর পাননি। কেউ কেউ পেলেও দেখা যায় যেখানে ব্যবহারিক নেই, সেখানেও ব্যবহারিকের নম্বর পেয়েছেন বা সবগুলো অংশেই একই নম্বর পেয়েছেন। তাড়াহুড়া করে শেষ মুহূর্তে নম্বর প্রকাশের সিদ্ধান্ত নেওয়ায় এই পরিস্থিতি হয় বলে জানা যায়।
জানতে চাইলে সন্ধ্যা পৌনে সাতটায় ঢাকা শিক্ষা বোর্ডের জ্যেষ্ঠ সিস্টেম অ্যানালিস্ট মো. মনজুরুল কবীর প্রথম আলোকে বলেন, প্রথমবার হওয়ায় প্রথম দিকে হয়তো কারও নম্বর পেতে সমস্যা হয়েও থাকতে পারে। তবে বিকেলের পর থেকে সঠিকভাবেই নম্বর পাওয়া যাচ্ছে।
বিদেশে ৯৩ শতাংশ পাস: এবারের বিদেশের সাতটি প্রতিষ্ঠান থেকে ২৪৮ জন পরীক্ষা দিয়ে পাস করেছেন ২৩২ জন। পাসের হার ৯৩ দশমিক ৫৫ শতাংশ। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৫৩ জন। বিদেশের কেন্দ্রগুলো হলো কাতারের দোহার বাংলাদেশ মাশহুর উল হক মেমোরিয়াল হাইস্কুল, আবুধাবির শেখ খলিফা বিন জায়েদ বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ ইসলামিয়া স্কুল অ্যান্ড কলেজ, জেদ্দার বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, বাংলাদেশ স্কুল অ্যান্ড কলেজ ও ত্রিপলির বাংলাদেশ কমিউনিটি স্কুল অ্যান্ড কলেজ।
ফল প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হচ্ছে উচ্চশিক্ষায় ভর্তির তোড়জোড়। গতকাল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী অবশ্য বলেন, উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে আসনের অভাব নেই। তবে পর্যালোচনায় দেখা যায়, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত উচ্চশিক্ষাপ্রতিষ্ঠানের অভাব রয়েছে।