যশোর বোর্ডে অস্থায়ী কর্মচারী নিয়োগের চেষ্টা, অস্থিরতা
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের কম্পিউটার বিভাগে অস্থায়ী ভিত্তিতে ছয়জন কর্মচারী নিয়োগের চেষ্টা করা হয়েছে। এ নিয়ে গতকাল সোমবার শিক্ষা বোর্ডে অস্থিরতার সৃষ্টি হয়। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, কম্পিউটার বিভাগে অস্থায়ী ভিত্তিতে লোক নিয়োগ নিয়ে সম্প্রতি দিনাজপুর শিক্ষা বোর্ডে অপ্রীতিকর ঘটনা ঘটে। এর পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট শিক্ষা মন্ত্রণালয় নির্দেশ দিয়েছে, মন্ত্রণালয়ের ছাড়পত্র ছাড়া কোনো জনবল নিয়োগ করা যাবে না। কিন্তু এই নির্দেশনা উপেক্ষা করে যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান ও সচিব কামরুল হুদা গত রোববার সকালে কম্পিউটার বিভাগে অস্থায়ী ভিত্তিতে ছয়জন কর্মচারী নিয়োগের সিদ্ধান্ত নেন। কিন্তু বোর্ডের কর্মচারী সংঘের বিএনপি-সমর্থিত অংশের নেতাদের আপত্তির মুখে রাতে নিয়োগের সিদ্ধান্ত বাতিল ঘোষণা করা হয়।সূত্র জানায়, রোববার রাতের সিদ্ধান্ত পরিবর্তন করে শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ গতকাল সোমবার সকালে আবার কর্মচারী নিয়োগের উদ্যোগ নেয়। এরপর নানাজনের তদবির আসতে থাকে। শিক্ষা বোর্ডের কর্মচারী সংঘের আওয়ামী লীগ-সমর্থিত অংশ তাদের ছেলেমেয়েদের চাকরি দেওয়ার জন্য বোর্ড কর্তৃপক্ষকে চাপ দেয়। কর্মচারী সংঘের বিএনপি-সমর্থিত অংশ তাদের ছেলেমেয়েদের নেওয়ার অনুরোধ করে। জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী তাঁর ভাতিজিকে নিয়োগের জন্য সুপারিশ করেন। বিএনপি-সমর্থিত কর্মচারী সংঘের পক্ষ থেকে উচ্চমান সহকারী আবদুল্লাহ মুকিত ও সেকশন অফিসার রেজাউল ইসলাম বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা উপেক্ষা করে বোর্ড কর্তৃপক্ষ জনবল নিয়োগের সিদ্ধান্ত নিয়েছিল। আমাদের আপত্তির কারণে রোববার বিকেলে নিয়োগের সিদ্ধান্ত বাতিল করা হয়। কিন্তু গতকাল সকালে গিয়ে দেখি অনেকেই কাজে যোগদান করতে এসেছেন।’ প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা ১১টার দিকে জেলা যুবলীগের সভাপতি মোস্তফা ফরিদ আহমেদ চৌধুরী কয়েকজনকে সঙ্গে নিয়ে তার ভাতিজিকে নিয়োগ না দেওয়ায় চেয়ারম্যানের কক্ষে গিয়ে বিষয়টি জানতে চান। তখন সেখানে উত্তেজনার সৃষ্টি হয়। পরে বেলা আড়াইটার দিকে জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি বিপ্লব সরকারের নেতৃত্বে ১০-১২ জন চেয়ারম্যানের বাসভবনের যান। তাঁরা তাঁদের লোক নিয়োগের জন্য চেয়ারম্যানকে হুমকি দেন।এ ব্যাপারে বোর্ডের চেয়ারম্যান হাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, ‘জনবল নিয়োগের সিদ্ধান্তটি আমাদের ভুল ছিল। বিষয়টি বুঝতে পেরে পরে তা বাতিল করা হয়েছে।’