যশোর বোর্ডে খুলনাই সেরা
যশোর বোর্ডের মধ্যে সবচেয়ে ভালো করেছে খুলনা জেলার কলেজগুলো। যেখানে বোর্ডে মোট পাসের হার ৪৬ দশমিক ৪৫ শতাংশ, সেখানে খুলনা জেলায় পাসের হার ৬০ দশমিক ৬৩।
খুলনা জেলায় এ বছর ৯৮টি কলেজ থেকে প্রায় ২০ হাজার শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছেন ১২ হাজার ৫৭৩ জন।
২০১৪ সালে খুলনার যেসব কলেজ ভালো করেছিল, সেগুলোতে খোঁজ নিয়ে জানা যায়, এবার জেলায় সবচেয়ে ভালো করেছে খুলনা পাবলিক কলেজ। ৩৩৮ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৩৩৪ জন। জিপিএ-৫ পেয়েছেন ১২৫ জন। পাসের হার ৯৮ দশমিক ৮১ শতাংশ।
কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল কাজী শাহাবুদ্দিন আহমেদ বলেন, শুরু থেকেই সঠিক পরিকল্পনা, শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করা ও সময়মতো ক্লাস নেওয়ার কারণেই ধারাবাহিকভাবে ভালো ফল ধরে রাখা সম্ভব হচ্ছে। তিনি বলেন, এবার সেরা কলেজের তালিকা করা হলে তাঁর কলেজ বোর্ডে দ্বিতীয় অবস্থানে থাকত।
খুলনা মিলিটারি কলেজিয়েট স্কুল এবার সামান্য খারাপ করেছে। পাসের হার ৯৮ দশমিক ৩৩ শতাংশ। মোট ৬০ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৫৯ জন। জিপিএ-৫ পেয়েছেন ৩৬ জন।
এ বিষয়ে কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল সারোয়ার হোসেন বলেন, প্রতিবছর এ কলেজ থেকে পাসের হার থাকে শতভাগ। কিন্তু এবার রসায়ন বিষয়ে একজন ফেল করেছে। বোর্ডে খাতা পুনর্মূল্যায়ন করার জন্য আবেদন করা হবে। সবার আশা, সেখানে ওই ছাত্র পাস করে যাবে।
ভালো করেছে খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজও। ১ হাজার ৩৭২ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ১ হাজার ২০২ জন। জিপিএ-৫ পেয়েছেন ২২৪ জন।