যশোর বোর্ডে চারটি কলেজ থেকে কেউ পাস করেনি
এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় যশোর শিক্ষা বোর্ডের চারটি কলেজ থেকে কেউ পাস করতে পারেনি। এসব কলেজের পাঠদান অনুমোদন বাতিল হতে পারে।
উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল বিষয়ে গতকাল রোববার দুপুরে যশোর প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় শিক্ষা বোর্ডের কর্মকর্তারা এসব তথ্য জানান।
যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধবচন্দ্র রুদ্র বলেন, এ শিক্ষা বোর্ডের অধীনে ৪১টি কলেজ থেকে এ বছর শতভাগ শিক্ষার্থী পাস করার কৃতিত্ব দেখিয়েছে। একই সঙ্গে চারটি কলেজ থেকে এ বছর কেউ পাস করতে পারেনি। এ চারটি কলেজের মধ্যে রয়েছে মাগুরার বীরেন শিকদার আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ ও দক্ষিণ নওয়াপাড়া সম্মিলনী কলেজ, ঝিনাইদহের ডিজিপিএল মডেল কলেজ এবং মেহেরপুরের মোরকা জাগরণ কলেজ। এসব কলেজ থেকে দুই থেকে ছয়জন শিক্ষার্থী এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেয়।
এ চারটি কলেজের বিরুদ্ধে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে জানতে চাইলে যশোর শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অমল কুমার বিশ্বাস গতকাল রোবার প্রথম আলোকে বলেন, গত বছরের পরীক্ষায় একটি কলেজ থেকে কেউ পাস করেনি। মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী সেই কলেজের পাঠদান অনুমোদন বাতিল করা হয়েছে। এ বছরও কেউ পাস না করা চার কলেজের অনুমোদন বাতিল হতে পারে।