যশোর বোর্ডে রেকর্ড পাসের হার
পাসের হারের দিক দিয়ে যশোর শিক্ষা বোর্ড এবার রেকর্ড সৃষ্টি করেছে। প্রতিষ্ঠার ৪৮ বছরের ইতিহাসে এ বোর্ড থেকে এবারই সর্বোচ্চ ৮৭ দশমিক ১৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। এর আগে গত বছর ৮৪ দশমিক শূন্য ৪ শতাংশ শিক্ষার্থী পাস করে রেকর্ড করেছিল। এবার পাসের হার বাড়লেও কমেছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।যশোর শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর বোর্ড থেকে এক লাখ ৩১ হাজার ৭৬৩ জন পরীক্ষায় অংশ নেয়। পাস করে এক লাখ ১৪ হাজার ৮৪৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৫৯ হাজার ৭৩৪ জন ও ছাত্রী ৫৫ হাজার ১১৩ জন।বিজ্ঞানে পাসের হার বেশি: এ বছর বিজ্ঞান বিভাগের ১৯ হাজার ৫৪৩ জন শিক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ৮০১ জন পাস করেছে। পাসের হার ৯৬ দশমিক ২ শতাংশ। এরপর ব্যবসায় শিক্ষা বিভাগে ৩৮ হাজার ৪৪৩ জন শিক্ষার্থীর মধ্যে ৩৫ হাজার ৩০১ জন পাস করেছে। পাসের হার ৯১ দশমিক ৮৩ শতাংশ। সবচেয়ে কম মানবিক বিভাগে পাসের হার ৮২ দশমিক ৩৪ শতাংশ। এ বিভাগে ৭৩ হাজার ৭৭৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬০ হাজার ৭৪৫ জন।কমেছে জিপিএ-৫: এবার পাঁচ হাজার ৮২৫ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। এর মধ্যে তিন হাজার ৪৫১ জন ছাত্র ও দুই হাজার ৩৭৪ জন ছাত্রী। অথচ গত বছর সাত হাজার ৩৭৩ জন ও ২০১০ সালে সাত হাজার ৩৯৯ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছিল। সে হিসাবে এবার গতবারের চেয়ে এক হাজার ৫৪৮ জন জিপিএ-৫ কম পেয়েছে।এ ব্যাপারে কথা হয় যশোর সরকারি বালিকা বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক শরিফুল ইসলামের সঙ্গে। তিনি বলেন, ১১টি বিষয়ের মধ্যে এবার বাংলা দ্বিতীয়, ইংরেজি প্রথম ও দ্বিতীয় এবং গণিত ছাড়া সব বিষয়ে সৃজনশীল পদ্ধতিতে প্রশ্ন হয়েছে। এতে শিক্ষার্থীদের কিছুটা সমস্যা হয়েছে। তা ছাড়া আগে যেসব শিক্ষক খাতা মূল্যায়ন করেছেন, তাঁদের অধিকাংশেরই সৃজনশীল বিষয়ে প্রশিক্ষণ ছিল না। বর্তমানে প্রায় সব শিক্ষকেরই প্রশিক্ষণ রয়েছে। এ জন্য খাতা মূল্যায়নে কিছুটা ভিন্নটা আসতে পারে।যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুল আজিজ প্রথম আলোকে বলেন, সৃজনশীল পদ্ধতির কারণে জিপিএ-৫ কমে যাচ্ছে। তা ছাড়া সাত দিনের মধ্যে তড়িঘড়ি করে উত্তরপত্র মূল্যায়ন করায় ফলাফল সন্তোষজনক হচ্ছে না।যোগাযোগ করলে যশোর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান আমিরুল আলম খান প্রথম আলোকে বলেন, কয়েক বছর ধরে শিক্ষার্থীরা বছরের শুরুতে পাঠ্যবই পাচ্ছে। এতে প্রথম থেকে পড়াশোনা করতে পারছে তারা। তা ছাড়া শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ সবার সচেতনতাও বেড়েছে। এসব কারণে বোর্ডে পাসের হার বাড়ছে। তবে কী কারণে জিপিএ-৫ কমেছে, সেটি পর্যবেক্ষণ ছাড়া বলা কঠিন।