যশোর বোর্ডে শীর্ষ ২০-এ জেলার সাত বিদ্যালয়
যশোর শিক্ষা বোর্ডে শীর্ষ ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় যশোর জেলার সাতটি শিক্ষাপ্রতিষ্ঠান স্থান পেয়েছে। প্রতিষ্ঠানের পরীক্ষার্থীর সংখ্যা, পাসের হার, নিবন্ধনকৃত নিয়মিত পরীক্ষার্থীর শতকরা হার ও মোট পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পাওয়ার দিক বিবেচনায় শীর্ষ ২০-এর এই তালিকা তৈরি করা হয়েছে। যশোর পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ে ১১২ জন নিবন্ধিত শিক্ষার্থীর মধ্যে ৯৯ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাস করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৮১ জন। যার জন্য প্রতিষ্ঠানটি তালিকার পাঁচ নম্বরে জায়গা করে নিয়েছে।তালিকার ছয় নম্বরে থাকা ঝিকরগাছা উপজেলার শেখ আকিজউদ্দীন উচ্চবিদ্যালয় থেকে ৭৬ জন শিক্ষার্থী নিবন্ধন করে ৬৪ জন পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ৫৫ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। যশোর সদর উপজেলার দাউদ পাবলিক স্কুল থেকে ৭৭ জন নিবন্ধন করে ৬৮ জন পরীক্ষা দিয়ে ৪৫ জন জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাস করার কৃতিত্ব অর্জন করে প্রতিষ্ঠানটি তালিকার নয় নম্বরে স্থান করে নিয়েছে।শীর্ষ ২০-এর তালিকার দশম স্থানে থাকা যশোর শহরের সরকারি বালিকা উচ্চবিদ্যালয় থেকে এবার ২১৩ জন নিবন্ধনকৃত শিক্ষার্থীর মধ্যে ১৮০ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই উত্তীর্ণ হয়। এর মধ্যে ১০২ জন জিপিএ-৫ পেয়েছে। যশোর জিলা স্কুল তালিকার ১২ নম্বরে রয়েছে। এ বিদ্যালয় থেকে ২২৫ জন নিবন্ধন করে ২০৩ জন পরীক্ষা দেয়। এর মধ্যে ১০২ জন জিপিএ-৫ পাওয়ার কৃতিত্ব দেখিয়ে শতভাগ পাস করে। যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ৪৭ জন পরীক্ষা দিয়ে ২৬ জন জিপিএ-৫ পেয়েছে। শতভাগ পাস করা সদ্য প্রতিষ্ঠিত এ স্কুলটি তালিকার ১৮ নম্বরে উঠে এসেছে। তালিকার ১৯ নম্বরে রয়েছে মনিরামপুর উপজেলার সরকারি মাধ্যমিক বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে ৫৩ জন নিবন্ধন করে সবাই পরীক্ষায় অংশ নিয়ে ৫১ জন পাস করে। জিপিএ-৫ পেয়েছে ২৩ জন।