যশোর বোর্ডে সেরা যারা
যশোর বোর্ডে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় সেরা ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে শীর্ষস্থান দখল করেছে ঝিনাইদহ ক্যাডেট কলেজ। এখান থেকে ৫২ জন শিক্ষার্থীর সবাই জিপিএ-৫ পেয়েছে।
গতকাল মঙ্গলবার প্রকাশিত ফলাফল থেকে জানা যায়, শীর্ষ ২০ শিক্ষাপ্রতিষ্ঠানের নয়টিই যশোর জেলার। পাসের হারও সর্বোচ্চ ৯৫ দশমিক ৪৩ শতাংশ। বাকি নয় জেলার মধ্যে খুলনার সাতটি, কুষ্টিয়া ও ঝিনাইদহের দুটি করে এবং সাতক্ষীরার একটি স্কুল সেরা-২০-এ স্থান করে নিয়েছে। তবে সর্বনিম্ন পাসের হার মেহেরপুরে ৮৬ দশমিক ৬২ শতাংশ।
তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে খুলনার ফুলতলা মিলিটারি কলেজিয়েট স্কুল। এখান থেকে ১৩৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে তিনজন ছাড়া সবাই জিপিএ-৫ পেয়েছে। পাসের হার শতভাগ। খুলনা সদরের সরকারি করোনেশন মাধ্যমিক বালিকা বিদ্যালয় এসেছে তৃতীয় স্থানে। চতুর্থ স্থানে রয়েছে যশোরের পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়, পঞ্চম ঝিকরগাছার শেখ আকিজউদ্দিন উচ্চবিদ্যালয়, ষষ্ঠ খুলনা জিলা স্কুল, সপ্তম যশোরের আকিজ আইডিয়াল স্কুল, অষ্টম যশোর সরকারি বালিকা বিদ্যালয়, নবম কুষ্টিয়া সরকারি বালিকা উচ্চবিদ্যালয় এবং দশম হয়েছে যশোর জিলা স্কুল।
তবে এবার যশোর বোর্ডের তিনটি স্কুল থেকে কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হতে পারেনি। স্কুল তিনটি হচ্ছে দেবীপুর জুনিয়র গার্লস হাইস্কুল, মেহেরপুরের বিপিএন জুনিয়র গার্লস হাইস্কুল এবং ঝিনাইদহের রাঙ্গিয়ারপোতা জুনিয়র সেকেন্ডারি স্কুল। গত বছর শূন্য পাসের স্কুল ছিল পাঁচটি ও ২০১১ সালে ১১টি।