যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এম আবুল বাসার মোল্লাকে প্রত্যাহার করে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। এ বিষয়ে গত রোববার শিক্ষা মন্ত্রণালয় আদেশ জারি করেছে।ওই আদেশে বলা হয়, নতুন চেয়ারম্যান নিয়োগ না দেওয়া পর্যন্ত একই বোর্ডের সচিব মো. কামরুল হুদা নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন। শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।চট্টগ্রামের মিরসরাইয়ে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত স্কুলশিক্ষার্থীদের স্মরণে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ১৩ জুলাই সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে শোক কর্মসূচি পালিত হয়। কিন্তু সেদিন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান কুষ্টিয়ার সদর উপজেলার বারখাদা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা নেন। এ নিয়ে ১৪ জুলাই প্রথম আলোয় ‘শোকের দিনে আনন্দযজ্ঞ!’ শিরোনামে সচিত্র প্রতিবেদন প্রকাশিত হয়।শিক্ষা মন্ত্রণালয়ের পদস্থ এক কর্মকর্তা জানান, শোকের দিনে সংবর্ধনা নেওয়ার কারণে আবুল বাসার মোল্লাকে প্রত্যাহার করা হয়েছে।আবুল বাসারের বক্তব্য: প্রথম আলোয় প্রকাশিত সংবাদের বিষয়ে লিখিত বক্তব্যে আবুল বাসার মোল্লা দাবি করেন, তাঁর উপস্থিতিতে সেদিন শোকের দিনের মর্যাদা হানিকর কোনো ঘটনা ঘটেনি। তাঁকে নেচিবাচকভাবে নৈতিক ও মানবিকতাবোধের ঘাটতিসম্পন্ন ব্যক্তি হিসেবে উপস্থাপন করা হয়েছে।আবুল বাসার বলেন, ‘ওই সভার শুরুতে মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ছাত্রদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং তাদের রুহের মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। আমার বক্তব্যে আমি স্পষ্ট ভাষায় উল্লেখ করি, সরকার-ঘোষিত শোকের দিনে আমাকে ফুলেল শুভেচ্ছা জানানো উচিত হয়নি।’বিদ্যালয়ের সভাপতির বক্তব্য: বারখাদা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি আনোয়ারুল করীম লিখিত বক্তব্যে প্রকাশিত প্রতিবেদনকে মিথ্যা ও বানোয়াট অভিহিত করে বলেন, আবুল বাসার তাঁর সরাসরি ছাত্র হওয়ায় তাঁর আমন্ত্রণেই বিদ্যালয় পরিদর্শনে এসেছিলেন। বিদ্যালয়ে শোক কর্মসূচি পালনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমার ছাত্র হিসেবে চেয়ারম্যান (প্রত্যাহারকৃত) এই ঘটনার জন্য দায়ী নন। কোনো অপরাধ হয়ে থাকলে তা সম্পূর্ণ আমার।’প্রতিবেদকের বক্তব্য: এলাকাবাসী ও অভিভাবকদের সঙ্গে কথা বলে এবং তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়। প্রতিবেদনে আবুল বাসারের বক্তব্যও রয়েছে। এখানে মনগড়া কিছু লেখা হয়নি।মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে শিক্ষক সাময়িক বরখাস্ত: এদিকে মহানবী (সা.) সম্পর্কে কটূক্তির অভিযোগে গোপালগঞ্জের গিমাডাঙ্গা টুঙ্গিপাড়া সরকারি উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক (ইংরেজি) শংকর বিশ্বাসকে তা ৎ ক্ষণিকভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়ে বলেছে, তাঁর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর রোববার আদেশ জারি করে।