যশোর রামকৃষ্ণ আশ্রমের মন্দিরে ডাকাতি
যশোর রামকৃষ্ণ আশ্রম ও মিশনের দুটি মন্দিরের গ্রিল কেটে কাঁসা-পিতলের সামগ্রী এবং প্রতিমা থেকে স্বর্ণালংকার লুটপাট করা হয়েছে। এ সময় মন্দিরের দানবাক্স ভেঙে টাকা লুট ও কার্যালয়ের দরজার তালা ভেঙে কাগজপত্র তছনছ করা হয়েছে। গত সোমবার দিবাগত রাত তিনটার দিকে একদল সশস্ত্র ডাকাত আশ্রমে হানা দিয়ে একজন নৈশপ্রহরী ও এক স্বামীজিকে বেঁধে রেখে এ লুটপাট চালায়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গতকাল মঙ্গলবার ভোরে মামুন (২৪) নামে এক তরুণকে আটক করা হয়েছে। মামুন আশ্রমসংলগ্ন টিবি (বক্ষব্যাধি) ক্লিনিক এলাকার বাসিন্দা। জানা গেছে, রাত তিনটার দিকে কাপড় দিয়ে মুখ বাঁধা অবস্থায় ১০-১২ জনের একদল ডাকাত আশ্রমের সীমানাপ্রাচীর ডিঙ্গিয়ে ক্যাম্পাসে ঢোকে। তারা নৈশপ্রহরী আবু বকর সিদ্দিকীকে বেঁধে রেখে আশ্রমের তিনটি মন্দিরের দুটির গ্রিল কেটে ঢুকে পূজা-অর্চনার সামগ্রী তছনছ ও লুটপাট করে। পরে কার্যালয়ের দোতলায় ঘুমিয়ে থাকা দুই স্বামীজির একজনের কক্ষের দরজা ভেঙে ভেতরে ঢুকে তাঁকেও বেঁধে ফেলা হয়। অন্যজনের কক্ষের দরজা বাইরে থেকে আটকে রাখা হয়। আশ্রমের স্বামীজী আত্মবিভানন্দ বলেন, ডাকাতেরা একটি প্রতিমা থেকে অন্তত ছয় ভরি ওজনের স্বর্ণালংকার নিয়ে গেছে। তিনি বলেন, ‘এ আশ্রমে স্থানীয় সন্ত্রাসী ও বখাটেদের ব্যাপক দৌরাত্ম্য ছিল। দৌরাত্ম্য ঠেকাতে সীমানাপ্রাচীর উঁচু করা হয়েছে। প্রশাসনিক নজরদারিও বাড়ানো হয়েছে। এর পর থেকে সন্ত্রাসীরা বিভিন্ন সময়ে হুমকি দিতে থাকে।’যশোর কোতোয়ালি থানার ওসি এমদাদুল হক শেখ বলেন, ওই এলাকার চিহ্নিত কিছু সন্ত্রাসী সম্প্রতি বিভিন্ন মামলায় জামিনে বের হয়েছে। ওই সন্ত্রাসীরাই এ ঘটনা ঘটাতে পারে বলে ধারণা করা হচ্ছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।