যশোর রোডের নাম ৯ নভেম্বরের মধ্যে ফেরানোর নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনায় ‘খান এ সবুর’ রোডের নাম পরিবর্তন করে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত নাম ‘যশোর রোড’ ফিরিয়ে আনার ব্যাপারে আদালতের নির্দেশনা ৯ নভেম্বরের মধ্যে বাস্তবায়নে খুলনা সিটি মেয়রকে হাইকোর্টে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

এ ছাড়া কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ‘শাহ আজিজুর রহমান’ মিলনায়তনের নাম প্রত্যাহারে আদালতের দেওয়া নির্দেশনা বাস্তবায়ন হয়েছে কি না, তা উপাচার্যকে এফিডেভিট আকারে জমা দিতে বলা হয়েছে।
আজ মঙ্গলবার বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ের গঠিত একটি বেঞ্চ এই আদেশ দেন।
স্বাধীনতাবিরোধীদের নামে স্থাপনা, সড়ক, অবকাঠামোর নামকরণ স্থগিতকরণ চেয়ে ২০১২ সালের ১৪ মে হাইকোর্টে রিট করেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক মুনতাসীর মামুন। এই আবেদনের পরিপ্রেক্ষিতে খুলনায় ‘খান-এ-সবুর’ রোড ও ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শাহ আজিজুর রহমান হলের নাম প্রত্যাহারের আদেশ দেন হাইকোর্ট। কিন্তু হাইকোর্টের ওই আদেশ বাস্তবায়িত হচ্ছে না জানিয়ে এ বছরের ২৫ আগস্ট আরেকটি আবেদন করেন মুনতাসির মামুন ও শাহরিয়ার কবির। এই আবেদনের পরিপ্রেক্ষিতে আজ ওই আদেশ দেওয়া হলো।
খান এ সবুর ছিলেন পাকিস্তান আমলে আইয়ুব খান সরকারের মন্ত্রী। শাহ আজিজুর ছিলেন জিয়াউর রহমানের মন্ত্রিসভার প্রধানমন্ত্রী। এ দুজনেই মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতাবিরোধী মুসলিম লীগের নেতা ছিলেন।

আরও  পড়ুন..